MD Salim: নবান্ন থেকে ছাপ্পান্ন, দুই সরকারকে তাড়ানোর ডাক! দুয়ারে সরকারের তথ্য এনপিআর-এ, বিস্ফোরক মহঃ সেলিম
নবান্ন থেকে ছাপ্পান্ন, মোদী এবং দিদি, দুই সরকারকেই তাড়াতে চাইছে সাধারণ মানুষ। এদিন পুরুলিয়ায় জেলা সিপিআইএম দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি এদিন আরও অভিযোগ ক
নবান্ন থেকে ছাপ্পান্ন, মোদী এবং দিদি, দুই সরকারকেই তাড়াতে চাইছে সাধারণ মানুষ। এদিন পুরুলিয়ায় জেলা সিপিআইএম দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি এদিন আরও অভিযোগ করেছেন, তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে না। সরকারকে সংবিধান মেনে পঞ্চায়েত নির্বাচন করাতে বার্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজেপির কাছে তৃণমূলের আত্মসমর্পণ
সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম এদিন অভিযোগ করেছেন নিজেদের বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন। তিনি বলেছেন, গ্রাম থেকে ব্লক সর্বত্র সাধারণ মানুষ তৃণমূলের চুরির বিরুদ্ধে মুখ খুলছেন। এব্যাপারে মানুষের ভরসা লাল ঝাণ্ডা, দাবি করেছেন তিনি।

দুয়ারে সরকারের তথ্য এনপিআর-এ
মহঃ সেলিম এদিন অভিযোগ করেছেন, দুয়ারের সরকারের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন তথ্য রাজ্য সরকার জমা নিচ্ছে। যা এনপিআর-এর কাজে ব্যবহার করা হবে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্যই নাগরিকত্ব আইনের কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছেন, থিনি নিজের স্নাতক স্তরের কোনও নথি দেখাতে পারেন না, সেই দেশের আদিবাসী মানুষদের বলা হচ্ছে নাগরিকত্বের নথি দেখাতে।

ভয় পেয়েছে তৃণমূল-বিজেপি
দিন কয়েক আগে বিজেপির মিছিলে সিপিএম-এর পতাকা নিয়ে ছবি প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। এব্যাপারে সিপিআইএম রাজ্যসম্পাদক এদিন বলেছেন, লাল ঝাণ্ডার মিছিল দেখে ভয় পেয়েছে তৃণমূল ও বিজেপি। সেই কারণে একযোগে ভুল বোঝাতে প্রচার চালানো হচ্ছে। রাস্তা থেকে পতাকা চুরি করে মিছিলে নিজেদের লোকের হাতে তা তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মমতা-মুকুল-শুভেন্দু-র হাত ধরেই বেআইনি অস্ত্র ভাণ্ডার
সিপিআইএম রাজ্য সম্পাদক এদিন অভিযোগ করেছেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী আর মুকুল রায়দের হাত ধরেই বেআইনি অস্ত্রভাণ্ডার তৈরি হয়েছে। তিনি বলেছেন, মাওবাদীদের হাত ধরে রাজ্যে এনেছিল তৃণমূল। তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। মাওবাদী নেতা কিষেণজি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চেয়েছিলেন, অন্যদিকে তিনি শুভএন্দু অধিকারীকে যুব সেনাপতি বলেছিলেন। বগটুইয়ের ঘটনার পরে মুখ্যমন্ত্রী ডিজিকে একমাসের মধ্যে অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়ার পরেও কেন এখনও বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহঃ সেলিম।

কোনও পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারেনি
মহঃ সেলিম এদিন অভিযোগ করেছেন, গত দশ-এগারো বছরে তৃণমূল সরকার কোনও পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারেনি। তৃণমূলের সময়ে রাজ্যে শিক্ষাব্যবস্থা তছনছ হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের পাশাপাশি শিক্ষকের অভাবে সরকারি স্কুল ধুঁকছে বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications