শঙ্খধ্বনি বাজল, পুষ্পরথে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বাঁকুড়ার সুভাষ সরকার
তাপপ্রবাহে লাল সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া জেলায়। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের কোনও খাটতি নেই। তীব্র গরমকে উপেক্ষা করেই তারা পথে নেমেছেন। মঙ্গলবার সুবিশাল মিছিল করা হল বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে।
আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আর সেজন্যই বিজেপির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। গাড়িকে রথের আদলে সাজানো হয়েছিল। ফুল দিয়ে সেই গাড়ির একাধিক অংশ মুড়ে ফেলা হয়েছিল।

ফুল দিয়ে রথের আদলে সাজানো গাড়িতে ওঠেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই গাড়ি চেপেই মনোনয়নপত্র জমা দিতে গেলেন তিনি। জেলাশাসকের দফতরের সামনে হাজির হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।
মঙ্গলবার শহরের হিন্দু স্কুল মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। দলের মহিলা কর্মী সমর্থকরা শঙ্খধ্বনী দিতে থাকেন। জেলাশাসকের দফতরের সামনে পৌঁছান সুভাষ সরকার।
নির্দিষ্ট জায়গায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জেলাশাসকের দফতরে যান বিজেপি প্রার্থী। মনোনয়নপত্র জমা দিলেন সুভাষ সরকার। এদিন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের সঙ্গে ছিলেন দলের নেতা, আইনজীবি কৌস্তূভ বাগচী, জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা।
বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, " আজ ঐতিহাসিক শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমার বিশ্বাস এই রেকর্ড ভাঙতে কয়েক দশক লাগবে। আজকেই জয় পরাজয় নির্ধারণ হয়ে গেল।" দাবি করলেন বিজেপি প্রার্থী।
এবারও জয়ের জন্য সম্পূর্ণভাবে আশাবাদী সুভাষ সরকার। এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন তিনি। কখনও বাজারে, কখনও চায়ের দোকানে গিয়ে জনসংযোগ করছেন৷ প্রচারে বেরিয়ে এক সাধারণ ব্যক্তিকে স্নানও করিয়ে দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications