পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখলের খেলায় বেলাইন তৃণমূল, গেরুয়াকেই বাছলেন দুই বাম জনপ্রতিনিধি
বিধানসভা ভোটের আগের চিত্রটা ছিল তৃণমূল (trinamool congress) থেকে বিজেপিতে (bjp) যোগ দেওয়ার তৎপরতা। আর ভোটের ফল বেরনোর পরে তা বিপরীত মুখী হয়ে পড়ে। তবে এরই মধ্যে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল লালমাটির পুরুলিয়ায় (puruli
বিধানসভা ভোটের আগের চিত্রটা ছিল তৃণমূল (trinamool congress) থেকে বিজেপিতে (bjp) যোগ দেওয়ার তৎপরতা। আর ভোটের ফল বেরনোর পরে তা বিপরীত মুখী হয়ে পড়ে। তবে এরই মধ্যে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল লালমাটির পুরুলিয়ায় (purulia) । সেখানে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে বিজেপির হাত ধরেছেন বামেদের দুই জনপ্রতিনিধি। তবে দুজনকেই দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে দুই বামদল।

পুরুলিয়ায় জয়পুরে পঞ্চায়েত সমিতি দখল
পুরুলিয়ার জয়পুরে পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। তবে তাদেরকে সহযোগিতা করেছে দুই বাম জন প্রতিনিধি। এই জয়কে প্রতিকূলতার মধ্যে সত্যের জয় বলে অবিহিত করেছেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

২০১৮-তে পরিস্থিতি
২০১৮ সালে পুরুলিয়ার জয়পুরে ২১ আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে ৯ টি করে আসন পেয়েছিল তৃণমূল এবং বিজেপি। আর একটি করে আসন পেয়েছিল কংগ্রেস, সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক। সেই সময় কংগ্রেসের জন প্রতিনিধি তৃণমূলে যোগ দিয়ে সভাপতির পদ দখল করেন। অন্যদিকে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক সদস্য তৃণমূলকে সমর্থন করেছিলেন। যার জেরে পঞ্চায়েত সমিতিতে ক্ষমতা দখল করে তৃণমূল।

বর্তমানে পরিস্থিতি
দিন কয়েক আগে এক তৃণমূল সদস্যের মৃত্যু হয় এবং সিপিএম এবং ফব সদস্য তৃণমূলের থেকে তুলে নিয়ে বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেন। যার জেরে পঞ্চায়েত সমিতিতে সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল। এদিন সভাপতির বিরুদ্ধে আনা অনাস্থায় কোনও তৃণমূল সদস্যই হাজির ছিলেন না। হাজির ছিলেন বিজেপির ৯ জন এবং বামেদের দুই সদস্য।

সিপিএম-ফব-র সাফাই
এদিনের বিজেপিকে সমর্থন নিয়ে সাফাই দিয়েছে জেলার সিপিএম এবং ফব নেতৃত্ব। দুই দলেরই জেলা নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, একবছর আগেই এই সদস্যদের বহিষ্কার করা হয়েছে। যেখানে সদস্যরাই বহিষ্কৃত তাই তাদের নিয়ে দুইদলের আর কিছুই বলার থাকতে পারে না, বলেই মত প্রকাশ করেছে দুইদলই।
তবে তৃণমূলের তরফে হাল স্বীকার করে নেওয়া হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে, বামেদের সমর্থন নিয়ে তারা পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু দুই বাম সদস্য সমর্থন তুলে নিয়েছিলেন। তবে জেলা কমিটির নির্দেশে সভাপতির আস্থায় দলের তরফে কেউই হাজির ছিলেন না বলে জানিয়েছেন তিনি।

সিধি জামড়াতেও কার্যত জয়ী বিজেপি
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে একই ব্লকের সিধি জামড়াতেও পঞ্চায়েতে কার্যত জয়ী হয়েছে বিজেপি। ১৪ আসনের পঞ্চায়েতে তৃণমূল ৭, বিজেপি ৬ এবং নির্দল ১ টি আসন পেয়েছিল। নির্দল সদস্যকে নিয়ে পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছিল তৃণমূল। কিন্তু নির্দল সদস্য মারা যাওয়ায় এবং তৃণমূলের একাংশের তরফে সমর্থনের আশ্বাস মেলায় অনাস্থা আনে বিজেপি। এদিন বিজেপির ডাকা অনাস্থায় তৃণমূলের তিন সদস্য অনুপস্থিত ছিলেন। যার জেরে পঞ্চায়েতের ক্ষমতা কার্যত বিজেপির হাতেই চলে গেল। এব্যাপারে শুধু সরকারি ঘোষণা বাকি রয়েছে।












Click it and Unblock the Notifications