তৃণমূলে ‘ঘরওয়াপসি’ হচ্ছে সৌমিত্র খাঁয়ের! নিজেই অবস্থান স্পষ্ট করলেন বিজেপি সাংসদ
মুকুল রায়ের হাতে ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সাংসদ। তারপর বিজেপির টিকিটে জিতেছিলেন নিজের কেন্দ্র থেকে। বিজেপির সংগঠনে গুরুত্বের জায়গা হাসিল করেও শেষ রক্ষা হয়নি। তাঁকে নিয়ে প্রায়শই জল্পনার পারদ চড়েছে।
কিন্তু সৌমিত্র খাঁ বিজেপিতেই রয়েছেন। তাঁকে বিজেপির টিকিটে জেতানোর মূল কাণ্ডারি স্ত্রী সুজাতা মণ্ডল ফিরে গিয়েছেন তৃণমূলে। কিন্তু সৌমিত্র খাঁ বিজেপি ছাড়েননি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর ফের একবার সৌমিত্র খাঁয়ের দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

জল্পনা চলছে, বিজেপির রাজ্য সহসভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ফের তৃণমূলে ফিরে যাচ্ছেন। এই চর্চার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি নিজেই। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি তো খুঁজে পাচ্ছিনা কারা এসব বলছেন'!
এরপরেই তিনি বলেন, ২০১৯-এ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর ঘরওয়াপসি নিয়ে কথা হচ্ছে। কিন্তু ঘরওয়াপসি হয়েছে কি? তাই এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাঁর কথায়, লোকসভা ভোটে এরাজ্যে ৩৫টি আসনে 'টার্গেট' রয়েছে আমাদের। তবে ২২টি আসনে বিজেপি জিতবেই বলে তিনি মনে করছেন।

তাঁর দলবদল নিয়ে জল্পনার মাঝেই তিনি ভবিষ্যদ্বাণী করে তা ঢাকার চেষ্টা করলেন। এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ শুধু ভবিষ্যদ্বাণী করেই ক্ষান্ত থাকেননি। কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী মহাজোট ইন্ডিয়া-কেও একহাত নেন। তিনি বলেন, ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি। এই জোট একটি 'ভাঁওতা'।
তাঁর কথায়, জোটের নাম ইন্ডিয়া রেখে মানুষের 'সেন্টিমেন্ট'কে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। কিন্তু ভারতবাসী জানেন, মোদীজিই তাঁদের স্বপ্ন পূরণ করবেন। তাই ইন্ডিয়া নাম রেখে কোনও ফায়দা তুলতে পারবেন না বিরোধী নেতা-নেত্রীরা। এই জোটের কোনও ভবিষ্যৎ নেই।












Click it and Unblock the Notifications