রবিবারের সকালে অসংগঠিত শ্রমিকদের কাছে বিজেপি প্রার্থী সুভাষ সরকার, উঠল নিয়মিত কাজের দাবি
বাঁকুড়ায় জোর প্রচার শুরু করে দিয়েছেন বিজেপির প্রার্থী ডাঃ সুভাষ সরকার। রবিবার সকালে প্রচারে বেরিয়েছেন তিনি৷ অসংগঠিত শ্রমিকদের প্রতিদিন সকালে বাঁকুড়া শহরের রানিগঞ্জ মোড়ে দেখতে পাওয়া যায়। সেখানেই পৌঁছে গেলেন বিজেপির বিদায়ী সাংসদ।
রাজ্যের পরিযায়ী ও অসংগঠিত শ্রমিকদের নিয়ে দীর্ঘ সময় ধরেই চর্চা চলছে। বাংলায় ধারাবাহিক কোনও কাজ নেই। মানুষদের বাইরে চলে যেতে হয়। মানুষরা সঠিক কাজ ও পারিশ্রমিক পান না। এমনই দাবি বিরোধীরা করে আসছে।

এবার সেই বিষয়কে সামনে রেখেই সুভাষ সরকার পৌঁছে গেলেন রানিগঞ্জ মোড় এলাকায়। রবিবাসরীয় সকালে শ্রমিকদের উপস্থিতিও ছিল যথেষ্ট। তাঁদের সঙ্গে জনসংযোগ করলেন সুভাষ সরকার। শ্রমিকরা কী চাইছেন, তাদের কী ভাবনা, সেইসব শুনলেন তিনি। কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন সাধারণ মানুষদের৷
বাঁকুড়া লোকসভা কেন্দ্র এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কাজের খোঁজে শহরের রানিগঞ্জ মোড়ে আসেন। এখান থেকেই মূলত তারা কাজের ডাক পান। এদিন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার প্রথমে স্থানীয় শিব মন্দিরে পুজো দেন। পরে ওই এলাকায় উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন।
বিদায়ী' সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন উপস্থিত শ্রমিকরা। নিয়মিত কাজ না পাওয়ায় সমস্যা বাড়ছে। এলাকায় শিল্প স্থাপন হলে কাজের সুযোগ তৈরি হবে। এই কথাও কথাবার্তায় উঠে আসে।
ডাঃ সুভাষ সরকার বলেন, এই রাজ্যে কোনও শিল্প নেই। গত ১৩ বছরেও নতুন কোনও শিল্প আসেনি। ফলে মানুষের কাজের সুযোগ অত্যন্ত কম। সেই কারণে উপস্থিত শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে আলোচনা করেছি। এই প্রকল্পে নাম নথিভূক্ত থাকলে আগামী দিনে অনেক সুযোগ মিলবে।
এবার এই রাজ্য থেকে ৩০ - এর উপর অন্তত ৩৫ টি পদ্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছাবে। রাজ্য সরকারের প্রতি মানুষের অনাস্থা চলে আসবে। 'ডবল ইঞ্জিন' সরকার তৈরি সম্ভব। এমন কথাই জোর দিয়ে বললেন, বিদায়ী সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।












Click it and Unblock the Notifications