লোকসভা নির্বাচনে তৃণমূলের 'হাতিয়ার' কেন্দ্রীয় বাহিনী! জনরোষ-হুঁশিয়ারি শাসকপ্রার্থীর
'কেন্দ্রীয় বাহিনী যদি ভোটারদের ওপর গুলি চালায়-বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না। এমনটাই মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বিজেপি কর্মীদের সতর্ক করে বলেছেন, সিআরপিএফ-কে ডেকে যেন তাঁরা মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা না করেন। যদি এটা করেন তাহলে, দায়ভার তাঁদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। অরূপ চক্রবর্তী একাধারে যেমন তালড্যাংরার বিধায়ক, অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতিও। সারেঙ্গা বাজারে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
আর এখানেই থেমে থাকেননি অরূপ চক্রবর্তী। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এটা মনে রাখবেন, মাত্র ১৫ দিনের জন্য সিআরপিএফ-কেন্দ্রীয় বাহিনী আসবে। ১৫ দিন পর তারা চলে যাবে। বাংলায় তৃণমূ থাকবে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার থাকবে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বলেন, গতবার ভোটের লাইনে দাঁড়ানো চার জনকে উস্কানি দিয়ে মারা হয়েছিল। এবার ওই ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে জনরোষ আটকানো সম্ভব নয় বলে হুঁশিয়ারি দেন তিনি।
ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিনহা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে 'নির্বোধ' আখ্যা দেন। তিনি বলেন, যে বিএসএফ সীমান্তে পাহারা দেয়। যে সিআরপিএফ দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় রত তাদের রাজনীতির মধ্যে টেনে এনে ছোটো করা হচ্ছে। এমনকি জঙ্গল মহলের মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।












Click it and Unblock the Notifications