২১ জুলাইয়ের প্রচার মিছিলকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, ওন্দায় তুলকালাম
জেলায় জেলায় প্রকাশ্যে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। এবার বাঁকুড়া জেলার ওন্দায় প্রকাশ্যে এলো গোষ্ঠী দ্বন্দ্ব। দুই গোষ্ঠীর মিছিলেই শেষ নয়, এবার খোদ তৃণমূলের ব্লক কার্যালয় ভাঙ্গচুর ও এক মহিলা কর্মীর পরণের পোশাক 'ছিঁড়ে ফেলা'র অভিযোগ উঠলো দলেরই লোকেদের বিরুদ্ধে।
সূত্রে খবর, দলের প্রাক্তন জেলা সভাপতি, ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ-র সঙ্গে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার দুই পক্ষই আলাদা আলাদাভাবে ২১ জুলাই সভার প্রস্তুতি মিছিল করে।

এমনকি দলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বীটের অভিযোগ, এদিন মিছিল শেষে 'অরুপ খাঁ-র নির্দেশে আশিস দে, তাপস কালিন্দী, রামজীবন আচার্যরা বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ে হামলা চালায়'। এমনকি ওই সময় উপস্থিত এক মহিলা কর্মীর পরণের 'পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে' বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ-র দাবি, তারা ওই ঘটনায় যুক্ত নন, ব্লক সভাপতির গোষ্ঠী দ্বন্দের ফলেই ওই সব হয়েছে। এমনকি ওই ঘটনায় তাদের এক কর্মী আহত বলে তিনি দাবি করেন।
এবিষয়ে ওন্দার বিজেপি বিধায়ক তথা দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার দাবি, ওন্দায় যা ঘটছে তা ওদের দলের দুই গোষ্ঠীর ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা। এই ঘটনাকে তাঁরা বিজেপির তরফে ধিক্কার জানাচ্ছেন বলে জানান।












Click it and Unblock the Notifications