Bankura BJP: “যা হবে দিনের আলোয়,” রাতের অন্ধকারে বাঁকুড়ায় সদস্য সংগ্রহে যেতেই যা নয় তাই শুনলেন বিজেপি বিধায়ক!
Bankura BJP: সল্টলেকের সভা থেকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ থেকে ১ কোটি সদস্য সংগ্রহের (Membership Drive) নির্দেশ মেনে সেইমতো ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি। সদস্য সংগ্রহে একাধিক জায়গায় বেগ পেতে হচ্ছে বিজেপিকে। কোথাও কোথাও শাসকদলের বাধার মুখেও তাদের পড়তে হচ্ছে বলে অভিযোগ। আর এবার বাঁকুড়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে উত্তেজনা।
বাঁকুড়ায় রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে দলের সদস্য সংগ্রহের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে। দিনের বেলায় কেন বিধায়ক আসেননি, সেনিয়ে ক্ষোভ শুরু হয় এলাকায়। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো ইন্দাসের মান্দড়া গ্রামে। বিজেপি বিধায়ককে ঘিরে বুধবার রাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

গ্রামের মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। বিক্ষোভকারীদের দাবি, "রাতের অন্ধকারে কেন এসেছেন বিধায়ক, যা হবে দিনের বেলা সবার সামনে। বিধায়ক এসে ঘরে ঘরে বুঝিয়ে ফোন নম্বর চাইছে। কেন্দ্র সরকারের সুযোগসুবিধা বোঝাচ্ছেন। আবাসে রাজ্য কম টাকা দিচ্ছে বলে অভিযোগ করছেন। কিন্তু দিনের বেলা আসছেন না কেন?"
গ্রামবাসীদের দাবি, সরকারি আবাস যোজনা প্রকল্প নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছিল। বিধায়ককে এলাকায় দেখাই যায়না বলেও অভিযোগ করেন তারা। যদিও বিজেপির দাবি, বিক্ষোভকারীরা আমজনতা নন, বরং তৃণমূলের কর্মী। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বাধা দিতেই ইচ্ছে করে রাতের বেলা তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে বলে অভিযোগ।
ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার দাবি, "মানুষ নয়, ওই বুথের সিলেক্টেড মেম্বার কয়েকজনকে নিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল। তাদের গাত্রজ্বালা হচ্ছে। সেকারণেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। এই বুথে তৃণমূল কোনওদিন জিততে পারেনি। তৃণমূল নেতা তিন চারজনকে মদ খাইয়ে নিয়ে এসেছিল। রাজীব গাঙ্গুলি বলে তৃণমূলের নেতা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চারভাগের তিনভাগ যখন হয়ে গিয়েছে, তখন ঝামেলা করতে এসেছে।"
যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমিত মাঝির দাবি, বিধায়ক বাইরে থেকে লোক নিয়ে এসে সমস্যা তৈরি করেছিলেন। তাঁর কথায়, "১০ থেকে ১২ জন মুখ ঢেকে রাতের বেলা এসেছে। কেউ কেউ আবার মদ্যপ ছিল।" ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদের দাবি, "মানুষকে ভুল বোঝানো হচ্ছিল, বিষয়টা মানুষ বুঝতে পেরেই রুখে দাঁড়িয়েছেন।"












Click it and Unblock the Notifications