তৃণমূল প্রার্থীকে সমর্থনের ঘোষণা! দিল্লিতে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের হয়ে 'গর্জনে'র আশ্বাস অরূপের
তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছ থেকে ভূমিহীনদের পাঁচ কাঠা করে বসবাসের জমি ও দুই বা তিন পুরুষ ধরে কোনও জায়গায় বসবাসকারী মানুষকে সেই জমির পাট্টা পাওয়ার পরই আসন্ন লোকসভা ভোটে শাসক দলকে 'সমর্থনে'র কথা ঘোষণা করলো বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ। বাঁকুড়া শহরের তামলিবাঁধ ময়দানে ওই সংগঠনের তরফে এক জনসভা শেষে ওই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে পাশে বসিয়ে কথা ঘোষণা করা হয়েছে।
বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সভাপতি দীপক কুমার দুলে বলেন, এর আগে তাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছিল। সংসদে এর আগে তাদের মতো পিছিয়ে পড়া গোষ্ঠীর কথা কেউ বলেনি। 'বাঁকুড়ার মানুষ' অরূপ চক্রবর্তী সেই কাজ করবেন।

সরকারের বিরোধিতা করলে তারা দাবিকে মান্যতা দেবেন না, তাই সরকারের পক্ষে থেকে রাজ্যে ২ কোটি ৮৭ লক্ষ ও বাঁকুড়া জেলায় ৮ লক্ষ ভোটার রয়েছেন। সবাই তৃণমূলকেই সমর্থন করবেন বলে তিনি ঘোষণা করেন।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের দাবি গুলি যুক্তিসঙ্গত। মহিলা-বৃদ্ধদের জন্য সরকারি প্রকল্প রয়েছে। বাঁকুড়ায় এসে মুখ্যমন্ত্রী ভূমিহীনদের পাট্টা দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে সারা দেশে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে তারা বিচার পাচ্ছে না দাবি করে তিনি বলেন, এরা যেটা ভাল বুঝেছেন করেছেন, তিনি এঁদের সাদরে গ্রহণ করছেন। এবার দিল্লিতে এই সমাজের হয়ে 'গর্জন' করবেন বলে দাবি করেন।
বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের দাবির প্রেক্ষিতে শাসক বিরোধী দলগুলির দাবি, ভোটের ময়দানে এই সমর্থনের কোনও প্রভাব পড়বে না।












Click it and Unblock the Notifications