বাঁকুড়ায় ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ! 'সাজানো' দাবি করলেন বিজেপি বিধায়ক
রাজ্যে উপনির্বাচনের জোর প্রচার চলছে৷ তার মধ্যেই এবার গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন একাধিক ব্যক্তি, নেতৃত্ব। তবে এই বিষয়কে মানতে চায়নি বিজেপি। তারা বিজেপির লোক নয়। এমনই দাবি গেরুয়া শিবিরের নেতৃত্বের। তাই নিয়ে বাঁকুড়ার তালডাংরায় চলছে রাজনৈতিক চর্চা।
আর দিন কয়েক বাদেই উপনির্বাচন। উপ নির্বাচনের আগে ফের গেরুয়া শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। মঙ্গলবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ইন্দপুরের ঝরিয়া গ্রামে এই দলবদল হয়েছে বলে খবর। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইন্দপুর মণ্ডল ২ যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাজীব পাল তৃণমূলে যোগ দিলেন। এছাড়াও তিনি সহ ২০ জন তৃণমূলে গিয়েছেন। বিজেপির প্রতীকে ঝরিয়া আসন থেকে প্রতিদ্বন্দিতা করা রোহিনী বাউরিও তাদের দলে যোগ দিয়েছেন। তৃণমূল সূত্রে এই কথা দাবি করা হয়েছে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
বিজেপি ছেড়ে আসা ইন্দপুর মণ্ডল ২ যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাজীব পালের দাবি, ওই দলে কাজ করার সুযোগ ছিল না। তাছাড়াও বিজেপিতে যোগ্য লোকের অভাব ছিল কি? যেই কারণে 'বহিরাগত'কে প্রার্থী করতে হল ? সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আগামী দিনে রাজ্যে জোড়া ফুল আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবে না। আগামী দিনে সবাই তাদের দলে যোগ দেবেন। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এই দাবি করেন।
দলবদলের বিষয়টি 'সাজানো'। এই দাবি বিজেপির। দলের নেতা ও বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি, উপ নির্বাচনের আগে তৃণমূল নিজেদের দলের লোককে তাদের দলে যোগদান করাচ্ছে। আর বিজেপির লোক বলে চালানোর চেষ্টা করছে। যারা ওই দলে যোগ দিয়েছে বলা হচ্ছে, তারা কোনওকালেই বিজেপির সঙ্গে ছিল না। দাবি করেন বিজেপি বিধায়ক।












Click it and Unblock the Notifications