সুপ্রিম কোর্টে 'যোগ্য'দের পাশে থাকার আশ্বাস ABTA-এর! খুশি বিরোধী শিক্ষক সংগঠনের চাকরিচ্যুতরাও
'চাকরিহারা' যোগ্য শিক্ষকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ এবিটিএ। এর জন্য ওই শিক্ষকদের কোনও অর্থ খরচ করতে হবে না। সংগঠন তার নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ খরচ করবে, জানিয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাঁকুড়ার বাসিন্দা সুকুমার পাইন। এক ভিডিও বার্তার মাধ্যমে এই খবর জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলকে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে একবারে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা হয়েছেন।

- যোগ্য চাকরিহারাদের পাশে এবিটিএ
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন ওই ভিডিও বার্তায় আরও বলেছেন, শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে যুক্ত চাকরিচ্যুত যোগ্যদের যথেষ্ট সম্মানহানি হয়েছে। আর এই ঘটনার পিছনে সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার। কারণ, আদালতের তরফে বারবার রাজ্যের কাছে তথ্য চাওয়া হলেও তা দেওয়া হয়নি। টাকার বিনিময়ে শিক্ষক-শিক্ষাকর্মী পদে নিযুক্তদের চিহ্নিত করতে পারেনি। ফলে মুড়ি-মুড়কির একদর হয়ে গিয়েছে। যার জেরে যোগ্য শিক্ষকদেরও চাকরি গিয়েছে। এই অবস্থায় যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টে তাঁরা সংগঠনগতভাবে যাবেন ও ভুক্তভোগীদের কোন অর্থ খরচ করতে হবে না বলেও তিনি জানিয়েছেন।
- খুশি যোগ্য চাকরিহারারা
নাম প্রকাশে অনিচ্ছুক সিমলাপালের সদ্য এক চাকরিহারা শিক্ষক বলেছেন, তিনি বা তাঁর মতো অনেকেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত নন, প্রকৃত অর্থে বাম বিরোধী শিক্ষক সংগঠনের সদস্য হিসেবেই তাঁদের পরিচিতি রয়েছে। তারপরেও ওই সংগঠন সে সব বিষয় বিচারের মধ্যে না এনেও তাঁদের মতো প্রতিটি চাকরি হারা 'যোগ্য' শিক্ষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় রাজনীতির উর্দ্ধে উঠে সত্যিকারের শিক্ষক বন্ধু হিসেবে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি জানিয়েছেন। তালড্যাংরার এক চাকরিহারা আপাতত সোশ্যাল মিডিয়া থেকেই বিদায় নিয়েছেন। এই চিত্রটা শুধু বাঁকুড়ার নয়, সারা রাজ্যের।












Click it and Unblock the Notifications