বর্ধমানে বৃদ্ধার ঘর দখল করে তৃণমূল কার্যালয়? ভাড়া দেওয়া হয়, দাবি নেত্রীর
বৃদ্ধার ইন্দিরা আবাস যোজনার বাড়ি দখল করে তৃণমূলের পার্টি অফিস? প্রশাসনের কাছে গেলেও তারা নীরব। ওই ঘরের ভাড়াও দেওয়া হয় না বলে অভিযোগ। সব থেকে বড় কথা, ওই ঘরের মালিক বৃদ্ধা দীর্ঘদিন ধরেই অসুস্থ। ঘটনাটি বর্ধমানের।
সত্তরোর্ধ্ব এক অসুস্থ বৃদ্ধার ইন্দিরা আবাস যোজনার বাড়ি। সেটি দখল করে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ উঠল। বর্ধমান ২ ব্লকের বৈকন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা দাসের বিরুদ্ধে এই অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্য মিতা দাস।

তার দাবি, তিনি প্রতি মাসে ভাড়া দিয়ে চলেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার বর্ধমান ২ ব্লকের হেচারি রোড এলাকায়। ঘটনায় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি৷ বিডিও এবং স্থানীয় থানাকে অভিযোগ জানিয়েছেন নিঃসন্তান বিধবা বৃদ্ধা। কিন্তু কোনও সুরাহাই হয়নি বলে অভিযোগ।
স্যাঁতস্যাঁতে ঘরের মেঝের এক কোণে পড়ে আছেন অসুস্থ বিদ্ধা। ঘরের এক কোনায় বোঝাই করা আছে জিনিসপত্র। অসুস্থতার কারণে নড়াচড়ার ক্ষমতা হারিয়েছেন তিনি। পরিচর্চা করার জন্য বৃদ্ধার পাশে আছেন বোন মমতা দেবী। মমতা দেবী বুদবুদের বাসিন্দা।দিদির অসুস্থতার খবর পেয়ে তাকে পরিচর্যা করতে আসেন সেখানে।
মমতা দেবী বলেন, ২০১৮ সালে ইন্দিরা আবাস যোজনার ঘরের এক অংশ ভাড়া নেন তৃণমূল নেত্রী মিতা দাস। প্রথম দিকে ঠিকঠাক করে ভাড়া দিতেন। পরবর্তীতে বন্ধ করে দেন সেই ভাড়া। প্রথমে এক হাজার টাকা করে ঘর ভাড়া দিতেন। পরে হাজারের বদলে পাঁচশো টাকা করে দিতেন। দুই তিন বছর ধরে সেই টাকাও আর দিচ্ছেন না মিতা দেবী।
ঘর ছাড়ার বিষয়ে মিতা দেবীকে বারবার জানানো হলেও কোনও কর্ণপাত করেননি। এই ঘটনার বিষয়ে বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ধমান দুই ব্লক বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় থানাকে জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি।
এই ঘটনার বিষয়ে মিতা দাস বলেন, আমি নিয়মিত এক হাজার টাকা করে ভাড়া দিয়ে চলেছি। ঘর ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ওই বৃদ্ধাকে উল্টোপাল্টা বোঝাচ্ছে বলে অভিযোগ। তিনি আরও বলেন, ইন্দিরা আবাস যোজনার যে টাকা ব্যাঙ্ক একাউন্টে এসেছিল সেই টাকা তুলে নিয়েছে তৃণমূলের একাংশ।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারও বাড়ি দখল করে কোনও পার্টি অফিস হবে না। এটা দল মেনে নেবে না। ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, এটা তৃণমূলের পরম্পরা৷ জায়গা, জমি দখল করা। এটা বরাবরই হয়ে আসছে। এটা নতুন কিছু না।












Click it and Unblock the Notifications