মমতার অনুপ্রেরণায় বর্ধমানে শুরু নৃত্য উৎসব! বিধায়কের উদ্যোগে বিতর্ক, ফোন কাটতেই ব্যস্ত খোকন
Nritya Utsav: মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উৎসবে ফিরুন। তার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে গেল বর্ধমান নৃত্য উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়!
আরজি কর কাণ্ডের আবহে ন্যায়বিচারের দাবিতে যখন উত্তাল রাজ্য, দেশ, বিদেশ, তখন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের 'ঐকান্তিক উদ্যোগ' সমালোচনার ঝড় তুলেছে। কোন মানসিকতা থেকে তিনি এই আবহে এমন উৎসবে মাততে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলারাও।

ইতিমধ্যেই মমতার উৎসবে ফেরার ডাক বর্জন করে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদীরাও জানিয়েছেন শব-এর উপর দাঁড়িয়ে উৎসবে মাতব না। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে দ্বিতীয় বর্ষের নৃত্য উৎসব চলবে সেপ্টেম্বরের ৯ থেকে ১৫ তারিখ অবধি।
উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার থেকে শুরু করে তৃণমূলের প্রাক্তন বিধায়ক-সহ দলীয় নেতৃবৃন্দ। উদ্বোধনে হাজির থাকার কথা ছিল মমতাশঙ্করের। তবে পরে মমতাশঙ্করের বদলে ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান রাখা হয়।
মমতাশঙ্কর আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন। ফলে তাঁর নৃত্য উৎসবে যোগ না দেওয়াটা তাৎপর্যপূর্ণ। আয়োজকদের দাবি, অসুস্থতার কারণেই মমতাশঙ্কর আসতে পারেননি। ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দীক্ষামঞ্জরীকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ডোনার নাম রাখা হয়। তিনি তাঁর টিম নিয়ে তাসের দেশ মঞ্চস্থ করেন।
আজ শ্রীতমা ভট্টাচার্য ও সৌরভ, ১১ সেপ্টেম্বর খেয়ালী মণ্ডল, ১২ সেপ্টেম্বর হীরক সাহা, ১৩ সেপ্টেম্ব দেবাদৃতা বসু, ১৪ সেপ্টেম্বর দিতিপ্রিয়া রায় ও ১৫ সেপ্টেম্বর রুবেল ও শ্বেতার অনুষ্ঠান রাখা হয়েছে। বর্ধমানের কার্জন গেট-সহ নানা জায়গায় আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের পথে নেমেছেন সাধারণ মানুষ। হয়েছে রাত দখল কর্মসূচি।
এই আবহে বিধায়কের এখনই নৃত্য উৎসব আয়োজন খুবই দৃষ্টিকটু। বর্ধমানের নাগরিকরাও গোটা বিষয়ে বিরক্ত। তৃণমূলের একাংশও প্রকাশ্যে কিছু বলছেন না। তবে ঘরোয়া আলোচনায় বিরক্তি প্রকাশ করছেন। বিধায়ক খোকন দাস দলকে ফের অস্বস্তিতে ফেলছেন বলেও অনেকের মত।
ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে খোকন দাস অনুষ্ঠান করার কথা স্বীকার করে নিয়েছেন। যদিও আরজি কর কাণ্ডের আবহে এই আয়োজন কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্ন শুনেই ফোন কেটে দেন বিধায়ক। তারপর থেকে আর ফোন ধরছেন না। নিজের উদ্যোগের বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্ন সামলাতে তাঁর কীসের সমস্যা বোঝা যায়নি। তিনি অন্যান্য সংবাদমাধ্যমের ফোন পেয়েও দ্রুত কেটে দিচ্ছেন। ফোন ধরছেন না।












Click it and Unblock the Notifications