Kalna Incident: মহিলার বাড়িতে ঢুকে বেধড়ক মার তৃণমূল নেতার! কালনার ঘটনা ফের অস্বস্তি বাড়াল শাসক দলের
Kalna Incident: রাজ্যের নানা প্রান্তে আক্রান্ত মহিলারা। একাধিক হামলার অভিযোগ এনে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
বিধানসভার গেটেও মহিলা বিধায়করা রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন। যদিও এই ধরনের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। এবার শাসক দলের অস্বস্তি বাড়াল কালনার ঘটনা।

উল্টোরথের দিন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত রাজবাড়ির মন্দির চত্ত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিরাপত্তারক্ষীর উপর চড়াও হন। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এবার এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
তৃণমূল নেতার দাদাগিরির সাক্ষী থাকল কালনার শ্বাসপুর দেবনাথ পাড়া এলাকা। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যার জেরে এক মহিলা-সহ তাঁর পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি ও তাঁর দলবলের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)। সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন, এমন অভিযোগও সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল।
আজ কালনা হাসপাতালে উপস্থিত হয়ে ওই গৃহবধূ জানান, তাঁদের বাড়ির পাশে একটি জমি রয়েছে। সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, অশান্তি হয়। গোপাল দলবল নিয়ে গতকাল তাঁর শাশুড়িকে মারধর করেন। থানায় জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।
ওই গৃহবধূ জানান, পাঁচিল দেওয়ার সময় গোপাল দাবি করেন তাঁর কাছে সমস্ত অনুমতি রয়েছে। তাঁকে অনুরোধ করা হয়েছিল, পাঁচিল এমনভাবে দিতে যাতে কারও বাড়িতে ঢোকা বা বের হতে অসুবিধা না হয়। গতকাল ওই মহিলা স্কুটি নিয়ে ঢোকার সময় পাঁচিলের কিছুটা ভেঙে যায়।
এরপরই আজ দলবল নিয়ে ওই মহিলার বাড়ি ঢুকে তাঁকে ব্যাপক মারধর করেন গোপাল, অভিযোগ সুজাতার। তাঁর কপাল ফাটিয়ে দেওয়ার পর সন্তানদেরও হামলার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি নিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই মহিলার পরিবারের তরফে।
তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি, তাঁর কেনা জায়গায় পাঁচিল দিলেও তা ওই পরিবার ভেঙে দিয়েছে। আজ সকালে সে কথা বলতে গেলে তাঁকেই মারধর করা হয় বলে অভিযোগ গোপালের। তিনিও থানায় সমস্তটা জানানোর পরিকল্পনা করছেন।
এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, আইন কারও হাতে তুলে নেওয়া উচিত নয়। পুলিশ তদন্ত করে দেখুক দোষটি কার। বিজেপির সহ-সভাপতি সুভাষ পাল বলেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই।












Click it and Unblock the Notifications