সন্দেশখালির ভাইরাল ভিডিও-র পিছনে রাজ্য পুলিশ! দিলীপ ঘোষের সভায় গিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রো শো-এর শেষে দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া মোড়ে জনসভায় ভাষণ দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই সভায় আরও যাঁরা ছিলেন, তাঁরা হলেন, অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, আইনজীবী তথা বিজেপির নেতা কৌস্তব বাগচী সহ অন্যরা।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, লোকসভা নির্বাচনে তিরিশের বেশি বাংলা থেকে আসন পেলে ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। দলীয় প্রার্থী দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার সভা থেকে এমনটাই দাবি করেন তিনি।

কে সার্টিফিকেট দেবে?
তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, কয়লা মাফিয়া জয়দেব খান অমিত শাহের সঙ্গে ছিলেন। এব্যাপারে প্রশ্ন করা বলে, সুকান্ত মজুমদার বলেন, এটা কি, তৃণমূল কংগ্রেস সার্টিফিকেট দেবে? তিনি আরও অভিযোগ করেন, ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পরে তার বিরুদ্ধে মামলা শুরু করে তৃণমূল। তিনি আরও বলেন, চোরের মায়ের বড় গলা! যে নেতার বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ, সোনা পাচারের অভিযোগ তাকেই দেখুক আগে।
নাটক করছে তৃণমূল
রাজ্যপাল সম্পর্কে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দুর্গন্ধ, পচা মাল। এদের কথা যত বলা হবে, বাংলার সংস্কৃতি ততটাই খারাপ হবে।
সন্দেশখালি ইস্যুতে তৃণমূল রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন, এই সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, যারা আইন মানে না রাজ্যপাল-রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, তাঁরা এই নাটক করছে শুধু ভোটের জন্য। তিনি বলেন, এদিন যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা কি বিজেপি রেখে এসেছে? তিনি বলেন, দেশদ্রোহিতাকে সমর্থন করছে যে শেখ শাহজাহান এবং তার দলবদল, তাদেরকেই সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তিনি দাবি করেন, সন্দেশখালির ভাইরাল ভিডিও তৈরি করেছে পুলিশ। সিবিআই তদন্তে তারাও জেলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার
এদিন সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় আসার পরে মহিলাদের তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। তিনি বলেছেন, গণতন্ত্রে জনগণ কারও কেনা গোলাম নয়। এই জনগণই সিপিআইএমকে ৩৪ বছর ক্ষমতায় রেখেছিল। আবার তারাই ২০১১-তে তৃণমূলকে ক্ষমতায় এনে দেখে উন্মাদদের নিয়ে এসেছে।
কয়লা পাচার সম্পর্কে তিনি বলেন, রাস্তায় রাস্তায় নাকা চেকিং তো রাজ্য পুলিশ করে। তিনি বলেন, ভাইপোর কাছে এব্যাপারে টাকা পৌঁছে যায়। ভোটের চার-পাঁচ মাস আগে থেকে এটা বেশি করে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications