মমতার কাছে বিবেকবান শেখ শাহজাহান-ভাদু শেখ-সাদ্দাম সর্দাররা! ২১-এর মঞ্চে তৃণমূল নেত্রীর ভাষণকে কটাক্ষ দিলীপের
আমি বিত্তবান চাই না , বিবেকবান চাই। ধর্মতলায় ২১ জুলইয়ের সভায় করা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসানসোলের হটন রোড মোড়ে ও বি সি মোর্চার উদ্যোগে আয়োজিত 'গণতন্ত্র বাঁচাও সপ্তাহ ' পালনের ধর্না মঞ্চে যোগ দিয়ে দিলীপ বলেন, দিদি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন।
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, আপনার বিবেকবান মানুষ কেমন, তা পাশের জেলার কেষ্টকে দেখলেই বোঝা যায়। সে এখন তিহারে জেল খাটছে। আপনার বিবেকবান তো শেখ শাজাহান, ভাদু শেখ, সাদ্দাম সর্দাররা কটাক্ষে বলেন দিলীপ ঘোষ।

দল নিয়ে কী বলেছিলেন মমতা
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সতর্ক করে বলেন, জনপ্রতিনিধিরা যদি জয়ের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক না রাখেন, তাহলে দল তাঁদের সঙ্গেও সম্পর্ক রাখবে না। তৃণমূল সুপ্রিমো বলেন, দলে তিনি বিত্তবানদের চান না। বিবেকবানদের চান। তিনি বলেন, পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই। তৃণমূল সেবার জন্যই, দাবি করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্যায় করলে তিনি দলের কাউকে ছাড়েন না, গ্রেফতার করেন। তাই দলের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। পাশাপাশি মা-বোনেদের সম্মান দেওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, দল যেন কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই।
অখিলেশকে কটাক্ষ
এদিন দিলীপ ঘোষ ২১ জুলাইয়ের সমাবেশে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের আসা নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, এমন একজননে নিয়ে এসেছেন, যিনি দুইবার উত্তর প্রদেশে হেরেছেন। তাঁর কোনও কাজ নেই, বেকার। সেই কারণে কলকাতা ঘুরতে এসেছেন।
দিলীপ ঘোষের প্রশ্ন কেন শিবসেনা, এনসিপি, ডিএমকে আসেনি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করেন না! কোন দিকে তিনি কখন পাল্টি মারেন! দিলীপ ঘোষ বলেন, কখনও তিনি কংগ্রেসের সঙ্গে, কখনও বিজেপির সঙ্গে, আবার কখনও ইনডায়রেক্টলি সিপিআইএমের সঙ্গে, কোনও ভরসা নেই। একজন বেকার ছেলেকে নিয়ে এসে ডায়াসে বসিয়ে ভাষণ দিচ্ছেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় রাজনীতি, কটাক্ষে বলেন দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ
দিলীপ ঘোষ এদিন মুখ্যমন্ত্রীর দলে বিত্তবান নয়, বিবেকবান চাওয়াকে কটাক্ষ করেন। তিনি বলেন, শুনতে বেশ ভাল লাগে। মধ্যে মধ্যে তিনি ভাল কথা বলেন। তিনি বলেন, তৃণমূলের মধ্য়ে বিবেকবান বলে কি কিছু আছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করা যায়? তিনি প্রশ্ন করেন, কোনও বিবেকবান কি প্রধানমন্ত্রীকে হরিদাস পাল কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলতে পারেন? তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হয়তো স্বামী বিবেকানন্দকে খুঁজছেন।
তিনি বলেন, পাশের জেলায় কেষ্ট মণ্ডলের বিবেক দেখেছিলেন? চালকল, পেট্রোল পাম্প, বাগানবাড়ি, দামী গাড়ি-সহ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় অপর বিবেকবান, তিনি জেলের ভাত খাচ্ছেন। শিক্ষামন্ত্রীর থেকে বিবেকের আশা করা যেতে পারে, কিন্তু তিনি জেলার ভাত খাচ্ছেন, সাড়ে তিনশো কোটির মালিক, এই হচ্ছে বিবেকের নমুনা। এরকমই বিবেকবান চাইছেন মমতা বন্দ্যোপাধ্যা।
এছাড়াও ভাদু শেখ, শেখ শাহজাহান, সাদ্দাম সর্দাররা বিবেকবান মানুষের উদাহরণ।












Click it and Unblock the Notifications