Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী বিশ্রামে, দেদার ছাপ্পা তৃণমূলের! ভিনরাজ্যের পুলিশ বসে রইল স্টেশনে
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমানের কাটোয়া ও আউসগ্রামে যেমন প্রাণহানির ঘটনা ঘটেছে, তেমনই জেলার নানা প্রান্ত থেকে এসেছে ছাপ্পা ভোটের অভিযোগ। অনেক জায়গায় ওয়েবক্যামের তার জোড়া হয়নি।
সরকারি কর্মচারীদের একাংশ তৃণমূল কংগ্রেসকে জেতাতে ছাপ্পা ভোটের সময় ঠুঁটো জগন্নাথ হয়ে বসে ছিলেন বলেও অভিযোগ। মেমারিতে ভোটে রিগিং হলো রীতিমতো পরিকল্পনা করে। তেমনই দাবি সিপিআইএমের নেতা অভিজিৎ কোনারের। যদিও প্রতিরোধও হয়েছে।

ফেসবুক পোস্টে অভিজিৎ লিখেছেন, বাগিলা জিপি-র কিস্কিন্দা প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রের ১৬১ নং বুথে ভোটদানের সময় ঘেরা ঘরে তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত থেকে প্রকৃত ভোটারের ভোট দিয়ে দিচ্ছেন। টেবিলের তলা দিয়ে প্রকৃত ভোটারদের পরনের পোশাকের নীচের অংশ দেখা গিয়েছে ছবিতে।
ভোট দিয়ে দেওয়া দুই নেতার নাম- সেখ ইসরাইল (পিতা-সেখ আনোয়ার এবং সেখ ফিরোজ (পিতা- সেখ ইব্রাহিম)। তাঁরা তৃণমূল কংগ্রেস করেন। পরবর্তী কালে সংগঠিতভাবে এই লুঠ আটকানো গিয়েছে বলে দাবি সিপিআইএম নেতার।
আরেকটি ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, মেমারি-১ ব্লকের বিভিন্ন বুথে ভোট লুঠ বা লুঠের চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ব্যবহার না করে মেমারি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের খাঁড়ো হাই মাদ্রাসা স্কুলের ভিতর সারাদিন বসিয়ে রাখা হয়েছে। সাদা রংয়ের স্কুল বাড়ির গেটে দু-জন প্রহরী পাহারাতেও ছিলেন।

মেমারি-১ ও ২ নং ব্লক-সহ পূর্ব বর্ধমান জেলার সিংহভাগ বুথেই ছিল না কেন্দ্রীয় বাহিনী। সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। তখন মেমারি স্টেশনে অসংখ্য পুলিশের জমিয়ে গল্প, হাওয়া খাওয়ার ছবিও তুলে ধরেছেন ওই সিপিআইএম নেতা। ভিনরাজ্যের পুলিশদের বসিয়ে রাখার অভিযোগ রয়েছে। গোটাটাই তৃণমূল ও বিজেপি, কেন্দ্র ও রাজ্যের বোঝাপড়া বলে দাবি সিপিআইএমের।
(ছবি- অভিজিৎ কোনার ফেসবুক)












Click it and Unblock the Notifications