২০২৪-এ বিজেপিকে খামোশ করে দিতে হবে, আসানসোল থেকে বার্তা মমতার
২০২৪-এ বিজেপিকে খামোশ করে দিতে হবে, আসানসোল থেকে বার্তা মমতার
লোকসভা জয়ের পরে প্রথমবার আসানসোলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন আসানসোলবাসীকে কৃতজ্ঞতা জানাতে। আসানসোলের মানুষ বিজেপিকে 'খামোশ' করে দিয়ে তৃণমূলের শত্রুঘ্ন সিনহাকে জয়ী করেছেন। তারপর আসানসোলে এসে বিজেপিকে ২০২৪-এর ভোটে দিল্লি থেকে 'খামোশ' করে দেওয়ার বার্তা দেন মমতা।

বিজেপি সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও চালায়। সেই সোশ্যাল মিডিয়াকে আমরা বিশ্বাস করি না। আমরা সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করি, বিশ্বাস করি সত্যি কথা বলা সোশ্যাল মিডিয়াকে। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নূপুর শর্মা ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন। বিজেপি ফেক ভিডিও ছড়িয়ে দেশকে উত্তপ্ত করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। বিজেপির লোক ধর্ম নিয়ে বিতর্কিত কথা বললে তাঁকে গ্রেফতার করা হয় না বলে ।
অগ্নিবীর-এ দেশের সাধারণ মানুষ চাকরি পাবেন না। চাকরি পাবেন বিজেপির কিছু কর্মী। চার বছরের জন্য চাকরি দিলে হবে না। ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি দিতে হবে। অন্তত আর্মির যতটুকু রেস্ট্রিকশান রয়েছে, সেই পর্যন্ত করতে হবে। বিজেপি ডাস্টবিন বলে কটাক্ষ মোদী সরকারের নেওয়া 'অগ্নিপথ' প্রকল্পকে। এই অগ্নিপথ আসলে একটি ললিপপ। ললিপপ দেখানো হচ্ছে ২০২৪-এর আগে।
বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪-এর আগে ভোট নিতে এই প্রকল্প চালু করতে চাইছে বিজেপি। ভোট ফুরোলেই রাজ্যকে বলবে চাকরির ব্যবস্থা করে দিতে। আমি সাফ জানাচ্ছি, বিজেপির ওই ডাস্টবিনের ভার নিতে পারব না। চার মাসের ট্রেনিং দিয়ে চার বছররে চাকরি দেওয়া হচ্ছে। আসলে লোকসভা ভোট শেষ হলেই বলবে তোমরা বাড়ি যাও।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন কিছু চাকরিপ্রার্থী চাকরির দাবি জানান। তাঁদের ধমক দিয়ে বসতে বলেন মুখ্যমন্ত্রী। তারপর জানান, প্রতিটি সভায় এসে পরিকল্পিতভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমি গতকালই কথা বলেছি চাকরি প্রার্থীদের সঙ্গে। পুরো বিষয়টিই কোর্টের অধীনে চলে গিয়েছে। কোর্ট অর্ডার দিলেই আপনারা চাকরি পাবেন। আপনাদের জন্য আমার ১৭ হাজার চাকরি প্রস্তুত আছে।
মমতা বলেন, আমরা কারও চাকরি খাই না। আমরা চাকরি ফিরিয়ে দিই। গতকালই নার্সিংয়ের চাকরি পাওয়ার পর হাত হারানো রেণু খাতুনের সঙ্গে দেখা করেছি আমি। তাঁকে আমরা চাকরি দিয়েছি। তাঁর পক্ষে নার্সিংয়ের চাকরি করা সম্ভব ছিল না। তাই যে চাকরি সে করতে পারবে, তার বন্দোবস্ত করে দিয়েছি। আমরা তাঁর কৃত্রিম হাতেরও বন্দোবস্ত করে দেব কথা দিয়েছি।
মুখ্যমন্ত্রী বলেন, ছবি লাগাতে লাগাতে বিজেপি একদিন ছবি হয়ে যাবে। বাংলার বাড়ি নিয়ে মুখ খুলে মমতা বলেন, উত্তরপ্রদেশের বাড়ি যদি হতে পারে, হরিয়ানার বাড়ি যদি হতে পারে, বাংলার বাড়ি কেন হবে না। প্রত্যেক বাড়িতে মোদীবাবুর ছবি চাই। যত স্টেশন, রাস্তাঘাট রয়েছে সব জায়গায় ছবি লাগাচ্ছে। এমন দিন আসছে, যেদিন বিজেপি ছবি হয়ে যাবে। বাস্তবে কোনও অস্তিত্ব থাকবে না বিজেপির।












Click it and Unblock the Notifications