পদ্ম, জোড়া ফুল সন্দেশ, সবুজ, গেরুয়া রসগোল্লা, বর্ধমানে মিষ্টিতেও রাজনীতির লড়াই
বাংলায় বিজেপির জনসংখ্যা এবার বাড়বে? না কি এক থাকবে? তৃণমূল প্রভাব ধরে রাখতে পারবে এবারের লোকসভা ভোটে? এই সব প্রশ্ন এখন থেকে বেশি ঘোরাফেরা করছে বাংলায়। আগামী কাল লোকসভা ভোটের ফল গণনা। মিষ্টিতেও রীতিমতো রাজনৈতিক লড়াই যেন শুরু হয়ে গেল।
রাজ্যের বিভিন্ন জায়গাতেই রাজনৈতিক প্রতীক আঁকা মিষ্টি বিক্রি হচ্ছে। বর্ধমান শহরেও এই মিষ্টির হরেক রকম ভাগ দেখতে পাওয়া গেল। বর্ধমান শহরের নেতাজি মিষ্টান্ন ভান্ডারে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করা হয়েছে। তাই দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ জন। অনেকে আবার মিষ্টির অর্ডারও দিয়ে যাচ্ছেন আগেভাগে।

গোটা ভারতবর্ষ জুড়ে চলেছে লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটে কে জিতবে, কে হারবে? চলছে তার চুলচেঁড়া বিশ্লেষণ। বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, এনডিএ এবার সরকার গঠন করবে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তবে বিরোধীরা এই বুথ ফেরত সমীক্ষাকে মানতে নারাজ।
তার মাঝেই মিষ্টির দোকানে দেখা যাচ্ছে নানান রকমের মিষ্টি। বর্ধমান শহরের ওই দোকানে হরেক রকম মিষ্টি তৈরি হয়েছে। তৃণমূলের প্রতীক জোড়া ফুলের সন্দেশ রয়েছে। রয়েছে বিজেপির পদ্মফুল। শুধু তাই নয়, রয়েছে 'খেলা হবে' লেখা সন্দেশ।
এবার বাংলায় লোকসভা ভোটের ফল কী হবে? সেই সম্পর্কে জোর চর্চা চলছে। বিজেপি না কী তৃণমূল? কার দিকে পাল্লা ভারী? সে বিষয়টি নিয়ে এখন চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। সেই কারণে দুই পক্ষের কর্মী সমর্থকদের জন্যই সমান সংখ্যায় মিষ্টি তৈরি হয়েছে। সবুজ রসগোল্লা আগে থেকেই তৈরি হত। কিন্তু এবার গেরুয়া রসগোল্লাও তৈরি করা হয়েছে এই দোকানে।
দোকান মালিক সৌমেন দাস বলেন, ভোট এখন উৎসবের আকার নিয়েছে। সে কারণেই এই প্রয়াস। মিষ্টিতে থাকছে রাজনৈতিক দলের প্রতীক। সেই দল হেরে গেলে কোনওভাবেই ওই মিষ্টি বিক্রি হবার সম্ভাবনা নেই। সেই কথাও জানেন তিনি।












Click it and Unblock the Notifications