দিলীপের সমর্থনে জোড়া সভা শুভেন্দুর, শিক্ষা দুর্নীতিতে সুপ্রিম-রায়কে স্বাগত জানিয়ে কাদের গ্রেফতারি দাবি?
Lok Sabha Vote 2024: শিক্ষা দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়কে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। আগামী জুলাই মাসে ফের এই মামলার শুনানি।
ততদিন অবধি যোগ্য ও অযোগ্যদের চাকরি বহাল থাকছে। একইসঙ্গে চলবে সিবিআই তদন্ত। অতিরিক্ত শূন্য পদ তৈরিতে রাজ্য মন্ত্রিসভা ও আধিকারিকদের ভূমিকারও তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুভেন্দু বলেন, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায় স্বাগত জানাই। ২৫ হাজারের বেশি মানুষ যেহেতু জড়িয়ে সে কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টিকে ভালো করে শুনানি করতে চান। বিচারপতিদের মানসিকতা দেখে মনে হচ্ছে, তাঁরা যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে চান।
শুভেন্দু আরও জানান, ২০২২ সালে ৫ মে অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। সিবিআউকে তদন্তে অনুমতি দিয়েছে। তবে কোনও কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তার মানে সুপ্রিম কোর্ট জানতে চাইছে কীভাবে মমতার নেতৃত্বে চোরদের চাকরিকে রেগুলারাইজ করতে ক্যাবিনিট মিটিং ব্যবস্থা নিয়েছিল। যা নিয়ে সিবিআই তদন্ত করবে।
রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে মাফলারের মতো হাওয়াই চটি জেলে যাবে। আমাদের তাড়াহুড়ো নেই। অবৈধ উপায়ে যাঁরা অযোগ্য হয়েও চাকরি পেয়েছে, অতিরিক্ত শূন্য পদ, শূন্য খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছেন এবং তাঁদের যাঁরা ঢুকিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। যোগ্যদের সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিক।
অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটর মমতার সই রয়েছে। ক্যাবিনেটে যাঁরা ছিলেন তৎকালীন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ সকলকে জেলে যেতে হবে বলেই দাবি শুভেন্দুর। রাজ্যে তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। সে বিষয়েও নিজের মতামত এদিন ব্যক্ত করেন শুভেন্দু।
তিনি বলেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী গুন্ডাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। যে বুথ নম্বর দিয়েছি সেখানেই ডান্ডার বাড়ি খেয়েছে। আগামী নির্বাচনগুলোতে আরও বেশি করে এমনটা হবে। ফলে গুন্ডারা সাবধান থাকুন। গুন্ডামি হবে না। বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও খোকন দাসকেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।
এদিন, দিলীপ ঘোষকে জড়িয়ে ধরেন শুভেন্দু। দিলীপ শুভেন্দুর হাতে পদ্মফুল তুলে দেন। স্লোগান ওঠে, বাংলার দুই বাঘ, এবার হবে তৃণমূলের বিনাশ। দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী চেনেন, তিনি সংসদে নিয়মিত উপস্থিত থাকেন, ফলে কাজের মানুষ দিলীপ ঘোষকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু।












Click it and Unblock the Notifications