Shatrughan Wins From Asansol: আসানসোল থেকে ফের জিতলেন শত্রুঘ্ন, তবে অনেকটাই কমল জয়ের ব্যবধান
Shatrughan Wins From Asansol: আসানসোল লোকসভা উপনির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সাংসদ হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। দু বছর পর নির্বাচনে ফের জয় তাঁর।
যদিও ২০২২ সালের উপনির্বাচনের তুলনায় শত্রুঘ্নর জয়ের ব্যবধান কমল অনেকটাই। এবার শত্রুঘ্নর কাছে পরাস্ত হলেন বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়া।

ভোজপুরী অভিনেতা-গায়ক পবন সিংকে প্রার্থী করা হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই পবন জানান তিনি লড়বেন না। অনেক পরে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করে বিজেপি। তিনি বেশি সময়ও পাননি। আসানসোলের পাশাপাশি এবার বর্ধমান-দুর্গাপুরও হাতছাড়া হয়েছে বিজেপির।
২০১৪ সালে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বাবুল সুপ্রিয় ৭০,৪৮০ ভোটে জিতেছিলেন। ২০১৯ সালে সেই ব্যবধান বেড়ে হয়েছিল ১,৯৭,৬৩৭। এরপর বাবুল পদত্যাগ করে তৃণমূলে যান। ফলে ২০২২ সালে উপনির্বাচন হয় আসানসোলে উপনির্বাচন হয়।
শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে তৃণমূল। সেই উপনির্বাচনে বিজেপির অগ্নিমিত্রা পলকে ৩,০৩,২০৯ ভোটে হারিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। তৃণমূল ভোট পেয়েছিল ৫৬.৬২ শতাংশ, যা ২০১৯ সালের তুলনায় ২১.৪৩ শতাংশ বেশি। কিন্তু এবার সেই ব্যবধান সুনিশ্চিত করতে পারেননি শত্রুঘ্ন।
সর্বশেষ পাওয়া তথ্যে তিনি ৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীর চেয়ে। বাকি যা গণনা আছে তাতে আগের মার্জিনে জেতা অসম্ভব। যদিও এই মার্জিনও টপকানো যাবে না বুঝে গণনাকেন্দ্র ছেড়েছেন অহলুওয়ালিয়া।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এখনও অবধি তৃণমূল ভোট পেয়েছে ৪৬.৬২ শতাংশ। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটা বেশি হলেও উপনির্বাচনের ফলের তুলনায় অনেকটাই কম। বিজেপির প্রাপ্ত ভোট ২০১৯ সালের লোকসভা ভোটের (৫১.১৮ শতাংশ) তুলনায় কম, কিন্তু উপনির্বাচনের তুলনায় (৩০.৪৬ শতাংশ) অনেকটাই বেশি (সর্বশেষ পাওয়া খবরে ৪১.৮৬ শতাংশ)।












Click it and Unblock the Notifications