আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ছেলের! দল আর মমতা দিদির সরকারকে দুষলেন ভেঙে পড়া তৃণমূল নেতা
আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে চাকরি যাওয়াদের তালিকা প্রকাশিত হয়েছে। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার ছেলে কিংবা মেয়ে কিংবা তাঁদের আত্মীয়দের নাম প্রকাশ্যে আসছে।
আদালতের নির্দেশে স্কুলের গ্রুপ সি পর্যায়ে চাকরি গিয়েছে তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ের। এইরকম অনেক নেতা/ বিধায়ক/মন্ত্রীর ছেলে কিংবা মেয়ে কিংবা ভাই চাকরি বাতিল হওয়াদের তালিকায় রয়েছেন। তাঁরা স্কুলে যাওয়া বন্ধ করলেও বিড়ম্বনা বাড়ছে সেই পরিবার এবং শাসকদল তৃণমূলে। এমনই এক ঘটনা সামনে এসেছে পশ্চিম বর্ধমান থেকে।

চাকরি গিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার ছেলের
আদালতের নির্দেশে ছেলের চাকরি গিয়েছে। দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাইস্কুলে ক্লার্ক-এর চাকরি করতেন অর্ণব মুখোপাধ্যায়। আদালতের নির্দেশে সেই গ্রুপ সি পদের চাকরি গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বেনাচিতির রুপালি অ্যাপার্টমেন্টের বাসিন্দা অর্ণব মুখোপাধ্যায় ২০১৮ সালে স্কুলের চাকরিতে যোগ দেন। প্রথম পোস্টিং ছিল দুর্গাপুরের প্রজেক্ট নিউটাউনশিপ স্কুলে। ২০১৫-তে বিটেক পাস করার পরেও বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনা করার জন্য মোটা অংকের মাস মাইনের চাকরি ছেড়ে দিয়ে স্কুলের চাকরিতে যোগ দেন অর্ণব। তিনি জেলা তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে।

দল করাটাই ভুল হয়েছে
জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সহ-সভাপতি বলে দাবি করা সমীর মুখোপাধ্যায় বলেছেন, বিটেক পাস করে মোটা অংকের চাকরি ছেড়ে দিয়ে স্কুলের সামান্য মাইনের চাকরি করতে আসে ছেলে। সে কি চাকরি চুরি করতে পারে, প্রশ্ন করেছেন তিনি। দল আর সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল শ্রমিক নেতা বলেছেন, দলটা করাটাই এতদিন ভুল হয়েছে বলে মনে করছেন তিনি। দৃশ্যই তাঁকে ক্যামেরার সামনে ভেঙে পড়তে দেখা যায়।

সরকার কেন পাশে দাঁড়াবে না
তৃণমূলের শ্রমিক নেতা বলেন, শিক্ষা দফতর তো সব দেখে শুনেই চাকরি দিয়েছিল। আজ সরকার কেন এদের পাশে দাঁড়াবে না, প্রশ্ন করেছেন তিনি। বেকার ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি করা হয়েছে এই সরকারের আমলে, এমন কথাও বলেছেন তিনি। তৃণমূল শ্রমিক নেতার এমন মন্তব্যের পরে জেলা রাজনীতি তোলপাড়।

বিলম্বিত বোধদয়
এব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি বলেছেন, বিজেপি যা এতদিন বলে এসেছিল, আজ তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায় দল আর সরকারের বিরুদ্ধে সেই অভিযোগই আনলেন। তিনি কটাক্ষ করে বলেছেন, এটা বিলম্বিত বোধদয়। চাকরি হারানোর পরে তৃণমূল নেতার দল আর সরকারের বিরুদ্ধে সরব হওয়াকে কটাক্ষ করেছেন সিপিআইএমও। তবে এব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেন, আড়ালে সরকারের পাশে না দাঁড়ানো নিয়ে প্রশ্ন করছেন কেউ কেউ।












Click it and Unblock the Notifications