হাওড়া-বর্ধমান শাখায় লাইনে বড় ফাটল, বছর শুরুতেই ট্রেন চলাচল ব্যাহত
বছরের শুরুর দিনেই ট্রেন চলাচলে বিভ্রাট। সকাল থেকে ট্রেন চলাচল বিঘ্ন হাওড়া বর্ধমান শাখায়। সোমবার সকালে ট্রেন লাইনে বড়সড় ফাটল দেখতে পাওয়া যায়। তারপরেই লাইন বদলানোর কাজ শুরু হয়েছে। সেই কারণে হাওড়া বর্ধমান শাখার আপ ও ডাউন লাইনের একদিকের অংশ বন্ধ রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শেওড়াফুলি স্টেশনের কাছে। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ রেল কর্মীরা ওই লাইনে ফাটল দেখেন। সেখান থেকে ট্রেন যাতায়াত করলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকত। এমনই জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শুরু হয়। কিন্তু ওই লাইন বদল করার সিদ্ধান্ত আসে। তারপরেই ট্রেন লাইন বদলের কাজ শুরু হয়।

রেল দফতর সূত্রে জানা যাচ্ছে, শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রেলের লাইনে ফাটল দেখা যায়। রেলের কর্মীরা লাইনের ধার দিয়ে যাচ্ছিলেন। ডাউনের ছয় নম্বর লাইনে এক জায়গায় বড়সড় ফাটল দেখতে পাওয়া যায়। অবিলম্বে রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ করতে হবে। এ কথাই বলা হয়। বিভিন্ন স্টেশনে সেই সংবাদ জানিয়ে দেওয়া হয় তারপরে।
ওই লাইনে থাকা ট্রেনগুলি দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে ট্র্যাক বদল করে শেওড়াফুলি স্টেশনে ঢোকে বেশ কয়েকটি গাড়ি। বছর শুরুর দিনে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায়। কল্পতরু উৎসবের দিনে প্রচুর মানুষ সকালেই বেরিয়ে পড়েন পুজোর জন্য। এছাড়াও বিভিন্ন জায়গায় মানুষ দল বেঁধে ঘুরতে যান। সে কারণে ট্রেনগুলিতে যাত্রীদের থাকাটাই স্বাভাবিক।
ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক পাশের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করতে থাকে। ফলে গতিও অনেক কম হয় ট্রেনের। সকাল আটটার পরে লাইন বদলের কাজ শুরু হয়। এই খবর লেখার সময়ও লাইন বদলের কাজ চলছে। ফলে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেন দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন স্টেশনে। ট্রেন চলাচল অনিয়মিত।
কখন কাজ শেষ হবে? ট্রেন চলাচল ফের কখন স্বাভাবিক গতিতে শুরু হবে? সেই সম্পর্কে সঠিক কোন বার্তা দিতে পারেন নি শেওড়াফুলি স্টেশন মাস্টার। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে বছরের শুরুতেই প্রচুর হয়রানির শিকার হতে হল সাধারণ মানুষকে। তাছাড়াও বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেল।












Click it and Unblock the Notifications