দেশরক্ষার জন্য ত্রিশূল হাতে নিলেন দিলীপ ঘোষ, ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী
ত্রিশূল হাতে নিয়ে বর্ধমানের মাটিতে দিলীপ ঘোষ। দেশরক্ষার জন্য এই ত্রিশূল হাতে তুলে নিয়েছেন তিনি৷ এই কথাই সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন বর্ধমান - দুর্গাপুরের বিজেপি প্রার্থী৷ আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও৷
প্রার্থী হয়ে বর্ধমানের মাটিতে আসার পর থেকেই বিতর্ক। একের পর এক বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থীকে একতরফা আক্রমণ করছেন তিনি। নির্বাচন কমিশনকে 'মেসো' বলেও কটাক্ষ ছুঁড়েছেন।

বাংলা নববর্ষের দিনও বিতর্ক পিছু ছাড়ল না দিলীপ ঘোষের। প্রথমে হাতে নিয়েছিলেন লাঠি। এরপর গাড়িতে স্টিক রয়েছে, বলেও জানিয়েছিলেন৷ বাংলার নতুন বছরের দিন তাঁর হাতে দেখা গেল ত্রিশূল। মহাদেবের হাতে তো ত্রিশূল থাকে। সেই ত্রিশূল হাতে দিলীপ ঘোষ কী করছেন? তাও আবার ভোটের বাজারে?
রবিবাসরীয় সকালে এলাকার এক শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী৷ এরপর ত্রিশূল হাতে বাইরে আসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবিও তোলেন তিনি। কিন্তু এই ত্রিশূল হাতে নিয়ে ঘুরছেন কেন?
দিলীপ ঘোষ জানান, তাঁদের কুল দেবতা শিব। তার প্রেরণাতেই স্বচ্ছ্ব ভারত ও স্বচ্ছ্ব রাজনীতি তিনি করতে চান। যখন অশুভ শক্তি ও পাপের প্রভাব বেড়েছে, তখন মহাদেব ত্রিশূল হাতে তুলে নিয়েছেন। তাণ্ডব করেছেন তিনি৷ আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য তিনি ত্রিশূল হাতে নিয়েছেন।
এই ঘটনায় রীতিমতো হই হই পড়ে যায় এলাকায়। তৃণমূল এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানাবেন। এই কথা স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।
যদিও তৃণমূলের এই বিষয়কে পাত্তা দিচ্ছেন না দিলীপ ঘোষ৷ রবিবার সকালে তিনি বর্ধমানেব সর্বমঙ্গলা মন্দিরে গিয়েও পুজো দেন। স্থানীয় বাজারে গিয়ে মাছের দরদাম করেন। মন্দির ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগও করেন।












Click it and Unblock the Notifications