পানাগড়ের রাস্তায় লাঠি খেললেন দিলীপ ঘোষ, বার্তা দিলেন রাম রাজ্যের
পাঁচ হাজার লোক নিয়ে রামনবমীর মিছিল করবেন বলেছিলেন। বুধবার বিকেলে দুর্গাপুরের রাস্তায় মিছিল বার হল। নিজে ভরা রাস্তায় লাঠি খেলায় মেতে উঠলেন। রামনবমীতে অন্য মেজাজে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে।
রাজ্য জুড়ে এবার রামনবমী পালন হয়েছে। পাহাড় থেকে সাগর, বিভিন্ন জায়গায় রামের পুজো হয়েছে বুধবার। গেরুয়া শিবির কেবল নয়৷ তৃণমূলের তরফ থেকেও রামনবমী পালন করা হয়েছে। ভোট বাজারে জন সংযোগে নেমে পড়েছেন প্রার্থীরাও।

দিলীপ ঘোষ বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী। বর্ধমান পৌঁছানোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিক প্রচার, চায়ে পে চর্চা, জন সংযোগ। তৃণমূল প্রার্থীকে দিন - প্রতিদিন আক্রমণ করতেও পিছু হটছেন না দিলীপ ঘোষ।
সেই দিলীপ ঘোষই এবার মিছিল বার করলেন নিজের নির্বাচনী এলাকায়। বিজেপি কর্মী- সমর্থকদের নিয়ে এদিক বিকেলে মিছিল বার করা হয়। নিজে লাঠি হাতে মিছিলে হাঁটেন। শুধু তাই নয়, দুর্গাপুরের পানাগড়ের রাস্তায় নিজে লাঠি খেললেন।
প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থক এদিন মিছিলে অংশ নিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেন, কিছু বলার নেই। হাজার হাজার রাম ভক্ত মিছিলে পা মিলিয়েছেন। নতুন করে বার্তা দেওয়ার আর কিছু নেই। রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গিয়েছে দেশে। রাম রাজ্য হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে। এমনই দাবি করলেন দিলীপ ঘোষ।
মিছিল থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও কটাক্ষ করেছেন দিলীপ। সাংবাদিক প্রশ্ন করেছিলেন। সেই সময় বলেন, "কার নাম নিচ্ছেন? রাম ভক্তদের কাছে রামের নাম নিন। আলতু ফালতু লোকেদের নাম নেবেন না।"
বর্ধমানে ৫০ হাজার মানুষকে নিয়ে রাম নবমীর মিছিল হবে। ক্ষমতা থাকলে মিছিল আটকে দেখাক। জোড় গলায় আগে এই বার্তা বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। বুধবার বিকেলে বিপুল সংখ্যক মানুষের মিছিল করলেন বিজেপি প্রার্থী।












Click it and Unblock the Notifications