Christmas 2023: বড়দিনের আগে যীশু খ্রিস্টের অভিনব মূর্তি তৈরি পূর্বস্থলীতে, রফতানিতেও ব্যাপক চাহিদা
Chritmas 2023: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে প্রতি বছরই বড়দিনে শুরু হয় খাল-বিল, চুনোমাছ, পিঠে-পুলি উৎসব। সেখানে গত বছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কচুরিপানা থেকে তৈরি ঘর সাজানোর উপকরণ।
কচুরিপানা শিল্প নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও কোবলা-সহ নানা খাল-বিলের কচুরিপানা থেকে নানাবিধ সরঞ্জাম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন রাজু বাগ। এবার বড়দিনের আগে তিনি দিলেন চমক।

কচুরিপানা থেকে বিভিন্ন সরঞ্জাম তৈরির হাতেকলমে প্রশিক্ষণের বন্দোবস্ত হয়েছে। অনেকেই এর মাধ্যমে স্বনির্ভরও হয়ে দাঁড়িয়েছেন। খুলে গিয়েছে জীবিকা-নির্বাহের নয়া দিগন্ত। কচুরিপানা শিল্পকে রাজ্য, দেশ তথা বিশ্বের মানুষের কাছে আকৃষ্ট করে তুলতে বড় ভূমিকা নিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ।
এবার ছাঁট লোহার বিভিন্ন উপকরণ ব্যবহার করে যীশু খ্রিষ্টের মূর্তি বানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার রাজু বাগ এবং তাঁর সঙ্গীরা। তাঁদের তৈরি যীশু খ্রিস্টের এই মূর্তিগুলি বড়দিনের আগে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে।
রাজু বাগ জানিয়েছেন, হায়দরাবাদ, তেলেঙ্গানা, দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বড়দিনের আগে প্রায় ১৯০ পিস মূর্তি গিয়েছে। এই উদ্যোগেও রাজুকে সবরকমের সহযোগিতা করেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। রাজুর কথায়, এর আগে এলাকায় প্রচুর কচুরিপানা জলাশয় দেখতাময সেগুলি থেকে বিভিন্ন উপকরণ তৈরি করেছি। স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও হয়েছে।
পরবর্তী সময়ে ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ দিয়ে আরও বেশি পরিমাণে বিভিন্ন উপকরণ তৈরির পরিকল্পনা রয়েছে রাজুর। তাতে এলাকার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানেরও বন্দোবস্ত হবে। ইতিমধ্যেই রাজু কয়েকজনকে প্রশিক্ষণ দিয়েছেন। রাজুর এক সঙ্গী জানান, কলেজে পড়ি। এখানে কাজ করে হাতখরচ, পড়াশোনার খরচ উঠে আসে। পড়াশোনার ফাঁকে ফাঁকে তাই এই কাজের মাধ্যমেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি।












Click it and Unblock the Notifications