Coal Scam Case: কয়লা পাচার মামলায় ৪৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত চার্জ গঠন, এখনও পলাতক বিনয় মিশ্র!
Coal scam case: কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন। আসানসোলে বিশেষ সিবিআই (CBI) আদালতে হল চার্জ গঠন (Charges Framed) প্রক্রিয়া। সরকারী কর্মচারী, কোম্পানি-সহ নানা অভিযুক্তের বিরুদ্ধে আলাদা আলাদা ধারায় চার্জ গঠন। কয়লা পাচার মামলায় ৫০ জন অভিযুক্ত। এদিন ৪৮ জনের বিরুদ্ধে হয় চার্জ গঠন।
কয়লা পাচার মামলায় এখনও বিনয় মিশ্র পলাতক। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে আগেই। তাই ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এদিন। অন্যদিকে পকসো মামলায় জেল হেফাজতে রয়েছেন বিকাশ মিশ্র। এদিন বিকাশ-সহ তিন জন ভার্চুয়ালি হাজিরা দেন আদালতে। বাকিরা সিবিআই আদালতে এসে হাজিরা দেন। সকলেই নিজেদের বেকসুর বলে দাবি করেন।

আদালতে সওয়াল জবাব শেষে এদিন বিচারক জানিয়ে দেন, মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ২১ জানুয়ারি। এরপর শোনা হবে সাক্ষীদের (Witness) বয়ান। প্রায় ৪৫০ জন সাক্ষী রয়েছেন কয়লা পাচার মামলায়। ২১ জানুয়ারিই প্রথম ট্রায়াল শুরু হবে। ওই দিন দুজন সাক্ষীকে ডাকা হয়েছে বলে জানান আইনজীবী অভিষেক মুখার্জি।
ইসিএল ও রেলের সাইডিং এরিয়া থেকে অসৎ উপায়ে কয়লা পাচার (Coal Smuggling) করা হয়েছিল বলে অভিযোগ। ওই মামলায় ২০২০ সালে তদন্ত শুরু করে সিবিআই। এর আগে নানা কারণে বারবার পিছিয়ে যায় চার্জ গঠনের প্রক্রিয়া।
গত ২৫ নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী মামলার চার্জশিটে নাম থাকা সকল অভিযুক্তকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেন। সেদিনই সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দেয় আদালত। সেইমতো অবশেষে মঙ্গলবার মামলার ফাইনাল চার্জশিট গঠন করা হল।
গত ২৪ নভেম্বর কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikas Mishra) যৌন হেনস্থার পকসো মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। জামিন খারিজ হয়ে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয় বিকাশ মিশ্রের।
আলিপুরে বিশেষ পকসো কোর্টে পেশ করা হলে জামিন ফের নাকচ করে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়ে দেয়। পরে কালীঘাট থানার মামলায় জেল হেফাজত হয়। এদিন ভার্চুয়ালি আসানসোলের আদালতে হাজিরা দেন বিকাশ মিশ্র।












Click it and Unblock the Notifications