বুলডোজার চালানোর নিদান দিলেন বিজেপির বিধায়ক, আবাস যোজনায় হুঁশিয়ারি বাংলাতেই
উত্তরপ্রদেশের পর বাংলাতেও বুলডোজার চালানোর বার্তা দিলেন বিজেপি বিধায়ক। বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন অগ্নিমিত্রা পাল।
উত্তরপ্রদেশের পর বাংলাতেও বুলডোজার চালানোর বার্তা দিলেন বিজেপি বিধায়ক। বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন অগ্নিমিত্রা পাল। বিজেপির আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালের এই দাবি নিয়ে বর্তমানে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বেফাঁস মন্তব্য করে বসেন অগ্নিমিত্রা। তিনি বেআইনি বাড়ি প্রাপকদের ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। তা নিয়ে বিতর্কে বিজেপি নেত্রীকে পাল্টা দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, একটু পড়াশোনা দরকার ওনার। তা না করেই উনি মন্তব্য করতে এগিয়ে যাচ্ছেন।
বাংলায় আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। অভিযোগ, ঘর প্রাপকদের তালিকায় যোগ্যদের নাম নেই। যাঁদের ছাদযুক্ত বাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে। যাঁদের ঘর পাওয়ার কথা নয়, তারাই বেশি ঘর পাচ্ছেন। তা নিয়ে বাংলার জেলায় জেলায় অভিযোগের পাহাড় জমছে।
আর এই দুর্নীতি প্রশ্নেই তিনি সুর চড়ালেন। বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বার্তা দিলেন। তিনি মঙ্গলবার বলেন, রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে। আমদের দাবি যাঁরা অন্যায্যভাবে ঘর নিয়েছেন বা পেয়েছেন, তাঁরা টাকা ফেরত দিন। নাহলে যোগীর মতো বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়া হোক।
অগ্নিমিত্রার এই বুলডোজার মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। জয়প্রকাশ মজুমদার বলেন, এঁরা বিধায়ক হয়েছেন, কিন্তু ভারতের গণতন্ত্র নিয়ে, সংবিধান নিয়ে পড়াশোনা করেননি। জনপ্রতিনিধি হতে হলে কতখানি দায়িত্বশীল হতে হয়, তা এঁরা জানে না। ওনাক কী অধিকার রয়েছে বুলডোরা দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার, নাকি অধিকার রয়েছে এ জাতীয় মন্তব্য করার।
এতদিন আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগে সরগরম হয়েছিল রাজ্য-রাজনীতি। রাজ্য পঞ্চায়েত ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই টাকা প্রদানের পর কারা প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। তালিকায় অযোগ্যপ্রার্থীদের নাম থাকায় দফায় দফায় ক্ষোভ-বিক্ষোভের আগুন ছুটেছে।
এই অবস্থায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশসাকদের নিয়ে উচ্চপর্যাযের বৈঠক করেন। প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা জানিয়ে দেন মুখ্যসচিব। তিনি স্পষ্ট করে দেন, যাঁদের পাকা বাড়ি রয়েছে, কোনওভাবে তারা আবাস যোজনার টাকা পাবে না। এমন নাম যদি থাকে, তাঁদের সর্বাগ্রে তালিকা থেকে বাদ দিতে হবে। কোনও প্রভাবশালী তত্ত্ব খাটানো যাবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।












Click it and Unblock the Notifications