জেপি নাড্ডার মুখে তৃণমূলের 'নতুন' অর্থ! বাংলায় বৈষম্য নয়, অগ্রাধিকার, প্রমাণ দিয়ে দাবি বিজেপি প্রধানের
বর্ধমানের পূর্বস্থলীর সভা থেকে তৃণমূলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। পশ্চিমবঙ্গের সর্বত্রই দুর্নীতি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। বাংলায় পরিবর্তন আসার ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।
|
বাংলায় পরিবর্তন আসবে
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, বাংলায় পরিবর্তন আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজ শেষ হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। জেপি নাড্ডা দাবি করেছেন, বাংলার জন্য কেন্দ্র অনেক উন্নয়ন প্রকল্প শুরু করেছিল। কেন্দ্রে রেশনের জন্য চাল-গম পাঠিয়েছে। কিন্তু তৃণমূলের কর্মীরা তা চুরি করেছে বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসএসসি কিংবা অন্য যে কোনও নিয়োগে এই রাজ্যে দুর্নীতি হচ্ছে এবং চাকরি বিক্রি হচ্ছে, অভিযোগ করেছেন তিনি।

টালির চালে লুকিয়ে টাকা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে জেপি নাড্ডা বলেছেন, কয়লা পাচার, গরু পাচারের পরে কোষাগার ফাঁক। খুঁজে দেখো টালির চালে লুকিয়ে জনতার টাকা। ভাঙ্গা বাংলা ভাষায় মুখ্যমন্ত্রীকে নাম না করে তীব্র কটাক্ষ ছুড়ে দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।

তৃণমূলের অর্থ বর্ণনা
তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে জেপি নাড্ডা বলেন টিএমসির অর্থ হল টেরর, মাফিয়া এবং কোরাপশান। বাংলায় যার অর্থ হল সন্ত্রাস, মাফিয়া আর দুর্নীতি। এদিন বিজেপি প্রধান বলেন, রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে রয়েছে বাংলা।
তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যের মানুষের কাছে আয়ুষ্মাণ ভারতের সুবিধা পৌঁছতে বাধা তৈরি করে রেখেছে। চারকোটিরও বেশি মানুষ বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন তিনি। এই ধরনের সরকারকে ভোটের মাধ্যমে ছুড়ে ফেলে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান করেন তিনি।

বৈষম্য নয় অগ্রাধিকার
বাংলাকে বৈষম্য করা হচ্ছে, তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে জেপি নাড্ডা বলেছেন, তারা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করেন না। পশ্চিমবঙ্গের জন্য এবছরের বাজেটেও অগ্রাধিকারের ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, কলকাতার মেট্রোর জন্য একহাজার কোটি, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের জন্য ১৫ কোটি টাকা, সত্যজিৎ রায় চলচ্চিত্র টেকনোলজির জন্য ৬৩ কোটি টাকা এবং আইএসআই-এর ২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিন পূর্বস্থলীর সভায় হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কাটোয়া সংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়-সহ অন্য নেতারা।












Click it and Unblock the Notifications