জিতেন্দ্রর পর পিন্টু মুখোপাধ্যায় নাম-বিভ্রাটে, দলবদলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলে তরজা
জিতেন্দ্রর পর পিন্টু মুখোপাধ্যায় নাম-বিভ্রাটে, দলবদলের ফলে বিজেপি-তৃণমূলে তরজা
জিতেন্দ্রর পর পিন্টু নামে বিভ্রাট আসানসোল পুরসভায়। বিজেপির ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় কোন জন, তা নিয়েই চর্চা চলল সারা দিন। এক পিন্টু মুখোপাধ্যায় মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে সম্প্রতি যোগ দেন তৃণমূলে। তৃণমূল দাবি করে, বিজেপির ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন। সেই দাবি খারিজ করে দেয় বিজেপি।

জিতেন্দ্র তিওয়ারির নাম নিয়ে বিভ্রাট
আসানসোল পুরসভায় ২২ জানুয়ারি ভোট। সেই ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই নাম-বিভ্রাটে বিতর্ক তৈরি হচ্ছে। প্রথম জিতেন্দ্র তিওয়ারির নাম নিয়ে বিভ্রাট তৈরি হয়। ৬৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের তালিকায় ছিল জিতেন্দ্র তিওয়ারির নাম। ফলে প্রাক্তন মেয়র জিতেন্দ্রকে নিয়ে জল্পনা শুরু হয় আসানসোলের রাজনীতিতে।

পিন্টু মুখোপাধ্যায় নামে বিতর্ক
জিতেন্দ্রর পর পিন্টু মুখোপাধ্যায় নামে বিতর্ক তৈরি হয়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তোলার পরই বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ওই পিন্টু আমাদের প্রার্থী পিন্টু নন। তৃণমূল অন্য পিন্টু মুখোপাধ্যায়কে যোগদান করিয়ে বিজেপির প্রার্থী বলে চালাতে চাইছে।

বিজেপির প্রার্থী পিন্টু মুখোপাধ্যায়!
তবে বিজেপির প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় কোথায়, তিনি কি মনোনয়নপত্র জমা দিয়েছেন? উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। তখন বিজেপি জানায়, তাঁদের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় মনোনয়ন জমা দেননি। তিনি তৃণমূলের ভয়ে এলাকা ছাড়া। তবে তৃণমূল যাঁকে পিন্টু মুখোপাধ্যায় বলে যোগদান করিয়েছে, সেই পিন্টু বিজেপির প্রার্থী নন।

পিন্টু মুখোপাধ্যায়ের যোগদান তৃণমূলে
তৃণমূল কংগ্রেসের পক্ষে দাবি করা হয়েছিল, সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ওইদিন পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকায় ২৫ নম্বর ওয়ার্ডে নাম থাকা পিন্টু মুখোপাধ্যায় মনোনয়ন জমা দেননি। তারপর ওইদিন সন্ধ্যায় পিন্টু মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি যোগ দেন তৃণমূলে। তাঁকে বিজেপির প্রার্থী বলে দাবি করা হয় তৃণমূলের তরফে।

তৃণমূলে এসে পিন্টু মুখোপাধ্যায়ের দাবি
২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পি কে রেশমার উপস্থিতিতে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে পিন্টু মুখোপাধ্যায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তিনি এরপর দাবি করেন, আমি ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূলের উন্নয়নমূলক কাজের শরিক হতে তিনি বিজেপি ছেড়েছেন। যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

বিজেপির তরফে হোয়াটস আপ মেসেজে প্রার্থী
তৃণমূলে যোগ দেওয়ার পর পিন্টু আরও বলেন, বিজেপি নেতৃত্ব মতামত না নিয়ে তাঁকে প্রার্থী করেছিল। প্রার্থী হওয়ার পর বিজেপির তরফে হোয়াটস আপ মেসেজে ব্যাপারটা জানতে পারি। তিনি বলেন, পিন্টু মুখোপাধ্যায় নামে আর কোনও বিজেপি কর্মী বা নেতা আছেন বলে আমরা জানা নেই।












Click it and Unblock the Notifications