Bengal Panchayat Election 2023: অদ্ভুত রাজনীতির মেরুকরণ! সিপিএমের হয়ে প্রচারে বিজেপির বুথ সভাপতি
West Bengal Panchayat Election 2023: গ্রাম বাংলা পঞ্চায়েতে ভোটে কাঠি! হাতে আর মাত্র কয়েকদিন বাকি ভোটের। আর তার আগেই উলাটপুরাণ! রাম থেকে বামে। মনমত প্রার্থী না হওয়ায় সিপিএমের হয়ে প্রচারে নামলেন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস।
শুধু তিনিই নয়, তাঁর সঙ্গেই বামেদের হয়ে প্রচারে একাধিক বিজেপি নেতা-কর্মী। জটিল এবং অদ্ভুত রাজনীতির মেরুকরণ পূর্ব বর্ধমানের আউশগ্রামে। পঞ্চায়েত নির্বাচনে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথ। সেখানে এবার শাসকদলের প্রার্থী বদল হয়েছে।

পঞ্চায়েত সদস্যা সোমা আঁকুড়ে টিকিট না পেয়ে তিনি চলে যান বিজেপিতে। বিজেপি তাঁকে রাতারাতি ১৭ নম্বর বুথের প্রার্থী করে দেয়। আর তাতেই চটেছেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রেখা বাগদি। সিপিএমের প্রার্থী শিউলী বাগদি।
১৭ নম্বর বুথে এবার ত্রিমুখী লড়াই। কিন্তু সোমা আঁকুড়েকে বিজেপি প্রার্থী করায় ক্ষুব্ধ অমরপুর অঞ্চলের বিজেপির ১৭ নম্বর বুথ সভাপতি সঞ্জয় দাস সহ কর্মীদের একাংশ। আর এরপরেই দল ছাড়ার ঘোষণা। শাসকদলে না গিয়ে সঞ্জয়বাবু বামে যোগ দিয়েছেন। আর এরপর থেকেই সিপিএম প্রার্থীর হয়ে এলাকায় প্রচারে নেমেছেন তাঁরা। এমনকি প্রার্থীর সমর্থনে দেওয়ালও লিখছেন।
তৃণমূল ও সিপিএম এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার করলেও একেবার বাড়িতে বসে আছেন বিজেপি প্রার্থী সোমা আঁকুড়ে। তিনি বলেন, আমি ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছিলাম। কিন্তু এবার দল আমাকে টিকিট দেয়নি। তাই বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করি। বিজেপি আমাকে ১৭ নম্বর বুথে প্রার্থী করেছে। আমি দল করতে ভালোবাসি।
প্রাক্তন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় দাস বলেন, সোমা আঁকুড়ে বাইরের প্রার্থী। তার বাড়ি বিষ্ণুপুরে। গ্রামের কাউকে প্রার্থী না করে বাইরের মানুষকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, সঞ্জয়বাবুর কথাতে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ছিল সোমা। সুতরাং এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা দল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছি বলে জানিয়েছেন প্রাক্তন এই বিজেপি নেতা।

অন্যদিকে সিপিএম নেতা সুদীপ্ত বাগচি বলেন, ওই বুথে আমরাই জিতব। শুধু ১৭ নম্বর বুথে নয়। আমরা এই অঞ্চলে জিতে ক্ষমতা দখল করবো। ওরা বুঝতে পেরেছে সিপিএমই একমাত্র ভালো প্রশাসন। আর তাই মানুষ বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন বাম নেতা।












Click it and Unblock the Notifications