তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে ফের অশান্তি-ছাপ্পার অভিযোগ! ভোটের আগে 'ভোট চিত্র' এবার পূর্ব বর্ধমানে
ফের তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে গণ্ডগোল। দলের একাংশের বিরুদ্ধে অন্য অংশ ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলল। তৃণমূলের ভোটার তালিকায় নাম থাকা কর্মী নেতারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। তবে কর্মসূচির দায়িতক্বপ্রাপ্ত নেতারা দাবি করেছেন, তাঁরা সেরকম কোনও অভিযোগ পাননি।
তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে ছাপ্পা ভোটের অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের জামালপুরে। জেলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার রাতে জেলার আটটি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটের ব্যবস্থা করা হয়।

উত্তরবঙ্গ, মুর্শিদাবাদের মতো পূর্ব বর্ধমানেও গোষ্ঠী কোন্দলের আঁচ। তৃণমূলের প্রাক্তন জামালপুর ব্লক সভাপতি শ্রীমন্ত পাল, বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খানের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তোলেন। তাণর অভিযোগ, যাঁরা প্রকৃত ভোটার, যাঁদের তালিকায় নাম নথিভুক্ত আছে তাঁরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না।
ওই নেতার আরও অভিযোগ, ব্লক সভাপতির ঘনিষ্ঠ লোকজন বেআইনি ভাবে প্রকৃত ভোটারদের জায়গায় ভোট দিয়ে দিচ্ছেন। এমন কী বালি খানাদের মালিকরাও এই ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

আবুজহাটি ১ ও ২, চকদিঘী, জামালপুর ১ ও ২ পঞ্চায়েতে ভোটাধিকার নিয়েই মূলত অভিযোগ ওঠে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মেহমুদ খান। তিনি বলেছেন, দলের নির্দেশ মতো এবং দলের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট প্রক্রিয়া চলেছে। কে কী অভিযোগ করলো তা তাঁর জানা নেই, বলেছেন ওই নেতা।

অন্যদিকে একই অভিযোগে সরব জেলা পরিষদের সদস্য মেহেরা কীর্তনিয়া। তাঁর অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা ভোটে বাধা সৃষ্টি করছে। জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ পালের দাবি বিভিন্ন বুথে বালি খাদানের মালিকদের বুথ সভাপতি সাজিয়ে ভোট প্রক্রিয়া চলছে। তাঁরও অভিযোগ মেহমুদ খানের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications