Ayodhya: অযোধ্যায় গুলিবিদ্ধ হয়েছিলেন 'কর সেবক' অভয়, রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত
Ayodhya: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ২২ জানুয়ারি। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশ-বিদেশের ভিভিআইপিরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
কয়েক হাজার ভাগ্যবানের মধ্যে রয়েছেন আসানসোলের বাসিন্দা অভয় বারনওয়াল। আমন্ত্রণপত্র হাতে নিয়ে তাতে প্রণাম ঠুকে যিনি বলছেন, জীবন ধন্য হয়ে গেল!

অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার আগে ১৬ জানুয়ারি থেকে বৈদিক রীতি মেনে নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কালো পাথরের রামলালায় প্রাণ প্রতিষ্ঠা হবে। পাঁচ বছর বয়সের বালকের মূর্তিই বেছে নেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য। বেশ কয়েকটি মূর্তি ছিল, ভোটাভুটিও হয়। তারপরই সবচেয়ে আকর্ষক মূর্তিটিকে বেছে নেওয়া হয়েছে।
আমজনতা অবশ্য রাম মন্দিরে গিয়ে দেব-দর্শনের সুযোগ ফেব্রুয়ারির আগে পাবেন না। ফলে রাম মন্দির উদ্বোধনে যাঁরা হাজির থাকবেন তাঁরা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ এসে গিয়েছে আসানসোলের অচলা বালা লেনের একটি বাড়িতে।
এখানেই থাকেন পেশায় ব্যবসায়ী অভয় বারনওয়াল। ১৯৯০ সালে তিনি এ রাজ্য থেকে কর সেবক হিসেবে হাজির হয়েছিলেন অযোধ্যায়। রাম জন্মভূমিতে বাবরি মসজিদ ভাঙার সময় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় গুলিবিদ্ধ হয়েছিলেন অভয়। তাঁর পায়ে গুলি লেগেছিল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ফৈজাবাদ হাসপাতালে।
অভয়ের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার ছবি প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমেই। রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পেয়েই তিনি অ্যালবাম থেকে সেই পুরানো ছবিগুলি বের করেছেন। স্ত্রীকে নিয়ে ঠাকুরঘরে গিয়ে রাম-সীতার মূর্তির সামনে আরতিও করেছেন। ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি অবধি তিনি অযোধ্যার মন্দিরে যেতে পারবেন বলেও জানা গিয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে কার পাস। এখন শুধু দেবভূমিতে প্রবেশের অপেক্ষায় প্রহর গুনছেন অভয়।












Click it and Unblock the Notifications