Burdwan: ৫৪ হাজার গ্যালন জল ধরত বর্ধমান স্টেশনের ওই ট্যাঙ্কে, রক্ষণাবেক্ষণ কি হত না?
গোটা বর্ধমান স্টেশনের জল সরবরাহ হয় এই ট্যাঙ্ক থেকেই। দীর্ঘ দিন ধরে এই ট্যাঙ্ক রয়েছে স্টেশনের দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝামাঝি। এখন সেই ট্যাঙ্ক ঘিরেই শুরু হয়ে গিয়েছে আতঙ্ক। রাজনৈতিক চাপানউতোর চলছে। জলের ট্যাঙ্ক ভেঙে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে বর্ধমান রেল স্টেশনে।
৫৪ হাজার গ্যালন জল ধরার ক্ষমতা ছিল ওই ট্যাঙ্কের। দুপুর ১২ টার পরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপ সেই সময় ততটা ছিল না। ট্যাঙ্কের নীচেই প্ল্যাটফর্মের সেড রয়েছে। সেখানে কিছু যাত্রী ও হকার ছিলেন। সেই সময়ই বিকট আওয়াজ হয়। হুড়মুড় করে ট্যাঙ্কের একটি অংশ ভেঙে পড়ে। আতঙ্কে দিশেহারা হয়ে ওঠেন চারপাশের মানুষজন।

ট্যাঙ্ক কতটা জল ভর্তি ছিল? সেই সম্পর্কে এই খবর লেখা পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। বিশাল পরিমাণ জল ওই ট্যাঙ্কে মজুত ছিল। একথা বলাই যায়। সম্পূর্ণ জল কার্যত প্লাটফর্মের শেডের উপর আছড়ে পড়ে। বিপুল পরিমাণ জলের চাপ সহ্য করতে পারেনি ওই শক্ত সমর্থ্য প্ল্যাটফর্ম সেড। সেটি উপড়ে ভেঙেচুরে পড়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন মারা গিয়েছেন ওই ঘটনায়। ২৭ জন দুর্ঘটনায় জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে বর্ধমান হাসপাতালে। মৃতের খবর রেল দফতরের থেকে প্রকাশ করা হয়নি এই খবর লেখা পর্যন্ত। আধিকারিকরা স্টেশনে পৌঁছেছেন। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল? তাই নিয়ে তদন্ত হবে। এ কথাই জানা যাচ্ছে।
ওই জলের ট্যাঙ্কের কি কোনও রক্ষণাবেক্ষণ হত না? সেই প্রশ্ন উঠছে। না হলে এত বড় একটি ট্যাঙ্ক কী করে এভাবে এক পাশে ভেঙে পড়তে পারে? পরিকাঠামো নিয়ে ফের বর্ধমান স্টেশনের প্রশ্ন উঠল। ২০২০ সালেও একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় স্টেশন থেকে বাইরে বেরনোর একটি ঝুল বারান্দা ভেঙে পড়েছিল। যদিও সেই ঘটনায় কেউ মারা যাননি।
এদিনের ঘটনায় সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাল পরিমাণ জল মুহূর্তে নেমে এসেছিল প্লাটফর্মে। বহু মানুষ পালাতে পর্যন্ত পারেননি। জলের তোরে জখম হয়েছেন অনেকেই। রেললাইন চত্বরেও প্লাটফর্মের শেড ভেঙেচুরে পড়েছে। জানানো হয়েছে, দুই ও তিন নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করছেন, রক্ষণাবেক্ষণ বলে কিছু নেই। নির্দিষ্ট সময়ে পরে কেবল রং করে জিনিসপত্র নতুন, চকচক করে দেওয়া হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানাচ্ছে, দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করানোর চেষ্টা চলছে। সঠিক কারণ তদন্ত করে দেখার পরেই বলা যাবে।












Click it and Unblock the Notifications