৫১ ফুটের সুবিশাল দেবী সরস্বতী, কোথায় হল এত বড় প্রতিমা?
দেবী সরস্বতীর সুবিশাল প্রতিমা। আর সেই প্রতিমা দেখতেই মানুষজন হাজির হচ্ছেন। ১০ - ১৫ ফুট নয়। একেবারে ৫১ ফুট। হ্যাঁ। ঠিকই পড়ছেন। একদম ৫১ ফুট উঁচু দেবী সরস্বতীর মূর্তি।
কিন্তু কোথায় হল এই বিশাল প্রতিমা? দুর্গাপুর ইস্পাত পল্লির নেতাজি ক্লাব। এই ক্লাবেই এবার এত বড় প্রতিমা হয়েছে। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই এই ক্লাবের সরস্বতী পুজো নিয়ে উচ্ছ্বাস, আকর্ষণ রয়েছে মানুষের মধ্যে।

শহরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও চলে এসেছে এই সরস্বতী পুজো৷ বিগত বছরেও সুবিশাল প্রতিমা তৈরি করা হয়েছিল৷ সেবারই হইচই শুরু হয়ে যায়৷ গতবার প্রতিমার উচ্চতা ছিল ৪১ ফুট। সেই প্রতিমা দেখার জন্য মানুষের উৎসাহও অনেক ছিল।
এবার সরস্বতী পুজো আসার আগে থেকেই চর্চা শুরু হয়ে যায়৷ এবারও কি অত বড় প্রতিমা তৈরি হবে? জানা যায়, এবার গতবারের থেকেও বেশি উচ্চতার প্রতিমা তৈরি হবে। একেবারে ৫১ ফুট। অর্থাৎ গতবারের থেকেও ১০ ফুট বেশি এবারের প্রতিমার উচ্চতা।
বিশাল প্রতিমা তৈরি হয়েছে। তাই নিয়ে মানুষের কৌতূহলও কম নেই। স্বাভাবিক কারণেই পুজোর দু'দিন বাকি থাকতেই মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। মানুষজনও প্রতিমা দেখতে ভিড় করেছেন।
পুজোর দিনেও সকাল থেকে মানুষের ভিড়। সকাল থেকেই চলেছে পুজো, অঞ্জলির ব্যবস্থা। অন্যদিকে, যেহেতু পরীক্ষা চলছে, তাই সেই বিষয়টিও মাথায় রেখেছেন উদ্যোক্তারা।
পুজো কমিটির এক সদস্য বলছেন, মূলত খড়ের কাঠামো তৈরি করা হয়। তার ওপর মাটির পাতলা প্রলেপ দেওয়া হয়েছে। যাতে প্রতিমার ওজন বেশি বেড়ে না যায়, সেজন্য এই ব্যবস্থা। ওই জায়গাতেই প্রতিমা তৈরি হয়েছে।
নিরঞ্জনের আলাদা করে কোনও ব্যবস্থা থাকছে না। পুজোর পরে সেখানেই প্রতিমা গলিয়ে ফেলা হবে৷ দমকলের কর্মীরা এই কাজ করবেন বলে খবর।
গতবার ৪১ ফুটের প্রতিমা তৈরি হয়েছিল। এবার প্রতিমার উচ্চতা ৫১ ফুট। তাহলে কি আগামী বছর ৬১ ফুট উঁচু হবে প্রতিমা? এই বিষয়ে মৃদু হেসেছেন ক্লাবের সদস্যরা। এদিন পুজো ঘিরে উৎসাহী মানুষদের সমাগম এখানে।












Click it and Unblock the Notifications