ফিরে দেখা ২০২০: দেখে নিন উত্তরবঙ্গে এ বছরের কিছু স্মরণীয় ঘটনা
ফিরে দেখা ২০২০: দেখে নিন উত্তরবঙ্গে এ বছরের কিছু স্মরণীয় ঘটনা
২০২০ সাল অনেক দিক থেকেই বেশ মনে রাখার মতো। একদিকে যেমন দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ তেমনি বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনাও ঘটেছে এই বছর। তেমনি কিছু ঘটনা বছর জুড়ে ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে।

একই পরিবারের পাঁচজনের দেহ উদ্ধার
উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা। ৮ নভেম্বর, এদিন একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল তপন বিধানসভার চণ্ডীপুর গ্রামে। একই পরিবারের পাঁচজনের এই মৃত্যুতে গোটা রাজ্য শোকস্তব্ধ হয়ে উঠেছিল।

বালুরঘাটে গণধর্ষণ
চলতি বছরের জানুয়ারিতে কুমারগঞ্জ সাফারনগর এলাকায় এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারে এবং সেই ঘটনায় তিনজন স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বেশ কিছুদিন পর অভিযুক্তদের আটক করে পুলিশ। বালুরঘাটের এই ঘটনাও গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল।

দল ছাড়লেন মিহির গোস্বামী
এরপর আসা যাক কোচবিহারের ঘটনায়। সবেমাত্র রাজনৈতিক পালা বদল শুরু হয়েছিল রাজ্যে। সেই সময় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিহির গোস্বামী। কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী, সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তিনি দল ছেড়ে দিচ্ছেন। মিহির গোস্বামীর দল ছাড়ার ঘোষণা নিয়ে রাজ্য-রাজনীতিতে অন্য প্রেক্ষাপটের সূচনা হয়েছিল।

অন্যরকম রাস উৎসব কোচবিহারে
এ বছরই করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছিল কোচবিহারের ২০৮ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবে। কোচবিহারের মদন মোহন মন্দিরের রাস উৎসব এ বছর করোনা আবহের জন্য অনেক নিয়মের পরিবর্তন হয়। যেখানে প্রচুর মানুষের ভিড় হত, মেলা বসত, সেখানে সরকারি নিয়ম-শৃঙ্খলা মেনে এ বছর তাদের রাস হয়েছে একেবারে অন্যরকম। এই প্রথমবার করোনার জন্য অন্যরকমের রাসের সাক্ষী থাকলেন কোচবিহারবাসী।

প্রকাশ্যে এলেন বিমল গুরুং
এবার কথা বলা যাক উত্তরবঙ্গের রাজনীতি নিয়ে। উত্তরবঙ্গের দার্জিলিং, প্রায় সাড়ে তিন বছর অন্তর্রালে থাকার পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং প্রকাশ্যে এলেন। গত ৬ ডিসেম্বর শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দানে প্রথম জনসভা করেন তিনি। জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিমল গুরুং।

রণক্ষেত্র উত্তরকন্যা চত্ত্বর
২০২০ সালে আরও এক গুরুত্বপূর্ণ ঘটনা। যেটি ঘটেছিল বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তরকন্যা চত্ত্বর। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি এবং সেই ঘটনায় মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। রাজ্য-রাজনীতি এই নিয়ে যথেষ্ট তোলপাড় হয়ে উঠেছিল।

বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু
উত্তর দিনাজপুরের এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা। হেমতাবাদে বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বন্ধ দোকানের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় বিধায়কের। জুলাই মাসের এই ঘটনায় রাজ্য-রাজনীতিতে সাড়া পড়ে গিয়েছিল।

ধূপগুড়ি বাজারে আগুন
ডিসেম্বরে ধূপগুড়ি বাজারে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জলপাইগুড়ির এই ধূপগুড়ি বাজারে রাতের অন্ধকারে পুড়ে ছাই হল শতাধিক দোকান, ভোর তিনটে নাগাদ এই বাজারে আগুন লাগে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এলাকার মানুষ এখনও আতঙ্কের মধ্যে রয়েছে।












Click it and Unblock the Notifications