মানুষের দু:খ কেন বুঝতে পারছেন না মমতা দিদি? মালদায় সভায় প্রশ্ন রাজনাথ সিংয়ের
মালদা উত্তর ও দক্ষিণের দুই বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে গেলেন রাজনাথ সিং। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার আক্রমণ করলেন। পাশাপাশি নরেন্দ্র মোদী জমানায় দেশের উন্নয়নের বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।
পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। আইনের ব্যবস্থা যদি ঠিক না থাকে। তাহলে রাজ্যের সার্বিক বিকাশ হবে কী করে ? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তারপরেও এই রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার চলছে। মানুষ এই রাজ্যে নতুন করে পরিবর্তনের ডাক দিয়েছে।

মালদার নালাগোলা এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তাঁকে বিশাল একটি ফুলের মালা পরিয়ে স্বাগত জানান বিজেপির জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই বিজেপি দলের প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরী।
পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আসার পর উন্নয়ন কতটা হয়েছে? সেটা সাধারণ মানুষ দেখছে। বিগত দিনে এই সরকার চরম দুর্নীতি করেছে। এখানে আইন কানুন বলে কিছুই নেই। আর আইন ব্যবস্থা যদি ঠিক না থাকে, সেই রাজ্যের বিকাশ কী ভাবে হবে? প্রশ্ন তুলেছেন রাজনাথ সিং। "জনগণের দুঃখ কেন বুঝতে পারছেন না মমতা দিদি? আসলে এখন অহংকার বোধের কারণে ওনার স্বভাব আর ব্যবহারে পরিবর্তন হয়েছে।" কটাক্ষ করেছেন রাজনাথ সিং৷
রাজনাথ সিং আরও বলেন, পশ্চিমবঙ্গে কোনও দুর্নীতির অভিযোগের তদন্ত করতে গেলে অথবা কাউকে গ্রেফতার করতে গেলেই ইডি এবং সিবিআইয়ের উপর হামলা করা হচ্ছে। কী পরিস্থিতি এই বাংলার? গরিব মানুষদের পাকা ঘর মোদীজি দিচ্ছেন। ১০০ দিনের কাজের টাকা মোদীজি দিচ্ছেন। অথচ ওরা বলছে এসব টাকা না কী দেওয়া হচ্ছে না। গরিব মানুষের প্রকল্পের টাকা নিয়েও চরম দুর্নীতি করা হয়েছে।
মোদী সরকার ক্ষমতায় আসার পর সেই আগের ভারত এখন আর নেই। ভারত এখন অনেক শক্তিশালী দেশ। ২০২৭ সালের মধ্যে ভারত আর্থিক এবং সামরিক দিক দিয়ে দেশের তৃতীয় স্থানে পৌঁছে যাবে। মোদী সরকারের লক্ষ্য একটাই, দেশের উন্নতি করা। দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।












Click it and Unblock the Notifications