আজ বিয়ে তো কী হয়েছে? বরের পোশাকেই আলিপুরদুয়ারে ভোট দিলেন সত্যজিৎ
তখন সূর্য মধ্যগগণে। ভোটকেন্দ্রের সামনে তখন ভোটারদের লাইন। একদম বাইরের গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। গেটের সামনে এসে থমকালো এক সাদা গাড়ি৷ গাড়ি আবার সাধারণ নয়৷ রীতিমতো সাজানো গোছানো। ব্যাপারখানা কী? বিয়েবাড়ির গাড়ি ভোটকেন্দ্রের সামনে কেন?
গাড়ির দরজা খুলে যিনি নেমে এলেন তাকে দেখে আরও চমক লাগার কথা। কারণ, তার পরণে সাদা ধুতি আর তসরের পাঞ্জাবি৷ এ তো একেবারে বরের বেশ। এখানে তিনি কী করছেন? জানা গেল, যা ভাবা হয়েছিল, সেটিই সঠিক। তিনি ভোট দিতে এসেছিলেন।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ফালাকাটা এলাকা। পারাঙ্গেরপার শিশু কেন্দ্র উচ্চ বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে এবারও। সেখানেই ওই ব্যক্তি ভোট দিতে এলেন। কিন্তু এমন বিয়েবাড়ির গাড়ি, বরের পোশাকে কেন ভোট দিতে এলেন তিনি?
ওই তরুণের নাম সত্যজিৎ রায়৷ তার আজ শুক্রবার বিয়ে। বাড়িতে বিস্তর নিয়ম কানুন, ব্যস্ততা। কিন্তু আজ যে লোকসভা ভোটও। তাহলে কি এবার ভোট দেওয়া হবে না? মনের ভিতরে হয়তো উসখুস করছিল। তারপর সিদ্ধান্ত নেন, ভোট দেবেন।
যেমন ভাবা তেমন কাজ। সাজগোজ তো হয়েই আছে। ভোট দিয়ে এসে বাকিটা সেরে নিলেই হল৷ যাতায়াতে দেরি যাতে না হয়, সেজন্য সাজানো গাড়িতেই হাজির হন তিনি। ভোটকেন্দ্রের বাইরে তাকে দেখে প্রশ্ন জেগেছিল জওয়ানদের মনেও৷ বলা হয়, ভোট দিতে আসার কথা। সচিত্র পরিচয়পত্রও দেখান তিনি৷
তাকে বাধা দেওয়া হয়নি। এলাকার অন্যান্য মহিলা, পুরুষ ভোটারও তাকে দেখে অবাক হয়েছেন। কিছু সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন সত্যজিৎ। বিয়ের দিনে বরের পোশাকে ভোট দিলেন তিনি। এভাবে ভোট দিতে পেরে খুশি হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications