Panchayat Election Results 2023: পাহাড়ে সুবিধাজনক অবস্থায় টিএমসি, জয় ছিনিয়ে নিল অনিত থাপার দল
প্রায় ২৩ বছর পর গত শনিবার পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়। আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ভোট গণনাও শান্তিপূণভাবেই সম্পন্ন হচ্ছে। কোনো হিংসা কিংবা অশান্তির খবর পাওয়া যায়নি পাহাড়ে।
দার্জিলিং জেলায় দ্বি স্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতগুলি একে একে দখল নিয়েছে অনিত থাপার বিজিপিএম দল। দার্জিলিং জেলায় মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েত। শেষ পাওয়া খবর অনুযায়ী যে কয়টু আসনের ফলাফল মিলেছে তার মধ্যে দার্জিলিংয়ের ঘুম এ ৮টি আসনের মধ্যে চারটি বিজিপিএম ও চারটি নির্দল পায়।

লিঙ্গিয়ার ৭ টি আসনে ৪টি বিজিপিএম, ২টি নির্দল ও একটি বিজেপি পায়। পেরমাগুরির ৭টি আসনের মধ্যে ৩টি বিজিপিএম, ৪টি নির্দল পায়। একইভাবে প্লুংডুংয়েরও ৭টি আসনের ৩টি বিজিপিএম ও ৪টি নির্দল পায়। সুখিয়া সিমানা গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনের মধ্যে ৪টি বিজিপিএম ও ৬টি নির্দল পায়। রংবংয়ের ১০টির মধ্যেে ৪টি বিজিপিএম, ৫টি নির্দল ও একটি পায় বিজেপি।
পোখরিবংয়-১ এর ৮টির মধ্যে বিজিপিএম ৪, নির্দল ১ ও বিজেপির দখলে ৩টি আসন। পোখরিবং ২ এর ১৩ টির মধ্যে ১০টি বিজিপিএম, ১টি নির্দল ও বিজেপি ২টি পায়। পোখরিবং ৩ এর ১৫ টি আসনের ১৪টি পায় বিজিপিএম ও একটি পায় নির্দল। রংবুল, ধোতরিয়া, আপার সোনাদা, লোয়ার সোনাদা-১, লোয়ার সোনাদা-২, মুন্ডাহাট্টা ও গোরাবাড়ি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ১৪৫ টি আসনের ফলাফলে ৮৯ টি পায় বিজিপিএম ৪৮টি নির্দল ও মাত্র ৮টি আসন পায় বিজেপি।

অর্থাৎ এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে জোট করেও পাহাড়ে এই পঞ্চায়েত নির্বাচনে মুখ থুবরে পড়ল বিজেপি। বলা যেতেই পারে দার্জিলিং পুরসভা ও জিটিএর মতোই গ্রাম পঞ্চায়েতগুলোতেও থাবা বসালো অনিত থাপার বিজিপিএম দল। যদিও এখনও পঞ্চায়েত সমিতির আসনের ভোট গণনা বাকি রয়েছে। সবকটি গ্রাম পঞ্চায়েতের ফলাফলও এখনও আসেনি। কিন্তু যেভাবে বিজিপিএম এগিয়ে তাতে শেষ হাসিটা যে বিজিপিএম দলই হাসবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই আবির খেলে নেচে গেয়ে, মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজিপিএম দল।












Click it and Unblock the Notifications