প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় হড়পা বানের সতর্কবার্তা, জারি রেড অ্যালার্ট
প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় হড়পা বানের সতর্কবার্তা, জারি রেড অ্যালার্ট
উত্তরবঙ্গে অতিপ্রবলভাবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় বিরামহীন বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৪ জুলাই পর্যন্ত এই বৃষ্টি চলবে। তবে তারই মধ্যে জেলায় জেলায় হড়পা বানের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর (weather office)।

অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা
বুধবার দুপুরে দেওয়া বিশেষ বুলেটিনে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পূর্ব উত্তর প্রদেশ থেকে বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরেই এই অতিপ্রবল বৃষ্টিপাত।

৩০ জুন, বুধবার
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এদিন অতি প্রবল বৃষ্টির পূর্বাভাসে লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলার জন্য।

১ জুলাই, বৃহস্পতিবার
ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।

২ ও ৩ জুলাই, শুক্রবার ও শনিবার
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালহ জেলায়। এই দুদিন প্রবল বৃষ্টির পূর্বাভাসে লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

বৃষ্টি হতে ৪ জুলাই, রবিবারেও
আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায়।

হড়পা বানের সতর্কতা জারি
ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্লাবন শুরু হয়ে গিয়েছেন। প্লাবিত হয়েছে চা-বাগান। ফসলের ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। প্লাবিত শিলিগুড়ি, জলপাইগুড়ির মতো পুরসভা এলাকাগুলির কোনও কোনও জায়গাও। এদিন দেওয়া পূর্বাভাসে নদীগুলির জল আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং-এ ধসের কথাও বলা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এর সমতল এলাকায় হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications