জলপাইগুড়ির পাতকাটা গ্রামে অকাল দুর্গা পুজো! পারিবারিক পুজো এখন সর্বজনীন
অকাল দুর্গা পুজো হল জলপাইগুড়ি'র পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোরল পাড়ার সিদ্ধ বাড়িতে। একশো বছরের বেশি সময় থেকে প্রতিবছর লক্ষ্মী পুজোর পরের রবিবার এক দিনের দুর্গা পুজো হয়। একদিনেই নিয়ম মেনে বোধন এবং বিসর্জন হয়ে থাকে।
রবিবার দুপুর থেকে শুরু হয় পুজো, আর এই পুজোকে কেন্দ্র করে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসে। দুর্গা পুজোর সময় বাড়িতে কেউ আসতে না পারলেও একদিনের দুর্গা পুজোয় সিদ্ধ বাড়ির পরিবার ও গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকলে একজোট হয় পুজোর সামিল হয়। সিদ্ধ বাড়ির পুজো বলা হলেও তা এখন সর্বজনীন পুজোয় হয়ে উঠেছে।

দেশ স্বাধীনের আগে এই পুজোর সূচনা করেছিলেন পাতকাটা এলাকার জমিদার বলে পরিচিত সিদ্ধনাথ রায়। কথিত আছে, দুর্গা পুজোর পর দেবী দুর্গা পরিবারকে নিয়ে কৈলাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই সময় পাতকাটা গ্রামে রাত্রিবাস করেন। সিদ্ধ বাড়ির পরিবার স্বপ্নে তা দেখতে পায়। এরপর থেকে দুর্গা পুজোয় সূচনা করে সিদ্ধ বাড়ি। কবে পুজোর সূচনা হয়েছিল পরিষ্কার না থাকলেও পরিবারের দাবি একশো বছরের বেশি সময় থেকে এই পুজো হয়ে আসছে।
সিদ্ধ বাড়ির পুরোহিত গৌতম ঘোষাল জানিয়েছেন, একশো বছরের পুরনো এই দুর্গা পুজো। তিনি প্রায় বারো বছর থেকে পুজো করে আসছেন। একদিনেই ষষ্টী, সপ্তমী, অষ্টমীর পুজো হয়। তারপর সন্ধি পুজোর পর নবমী ও দশমী পুজো হয়। বিকেলের মধ্যে পুজো সম্পূর্ণও হয়ে যায়।
সিদ্ধ বাড়ির সদস্য তথা পুজো উদ্যোক্তা ভূপতি রায় জানিয়েছেন, দেবী দুর্গা পুজোর পর কৈলাসের যাওয়ার সময় এই এলাকায় রাত্রিবাস করেছিল সকলকে নিয়ে। এই কারণে পুজোর আয়োজন। তাঁর বাবা-ঠাকুরদারাও পুজো করে এসেছেন। পুজোকে কেন্দ্র করে একদিনের মেলাও পুরনো রীতি বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications