ধূপগুড়িতে স্থায়ীভাবে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজের দাবি, স্মারকলিপি তৃণমূল কংগ্রেসের
ধূপগুড়ি রেলস্টেশনে স্থায়ীভাবে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শনিবার দুপুরে মিছিল করে রেলস্টেশনে যান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপু রায়, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা আলম রহমান সহ অনেকে। সেখানে গিয়ে একটি প্রতিনিধি দল স্টেশন মাস্টারের সাথে সাক্ষাৎ করে এবং সরাইঘাট এক্সপ্রেসের যাতে ধূপগুড়ি রেলস্টেশনে স্থায়ীভাবে স্টপেজ থাকে এরকম একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।

দাবিপত্র তুলে দেওয়ার পর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন,"বন্দেভারত নিয়ে নাটক হলো, কিন্তু ধূপগুড়ি স্টেশন স্টপেজ পায়নি। এরপর ঘটা করে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়।
কিন্তু উপনির্বাচনের আগে মানুষকে হুমকি দেওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়া হলো। অক্টোবর মাসের পর থেকে স্টপেজ দেখা যাচ্ছে না। তৃণমূল পুরসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়। যা এখনও রয়েছে।
কিন্তু সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ হঠাৎ করে তুলে নেওয়া হলো। ভোটের আগে মানুষকে ভয় দেখানোর জন্য বিজেপি এটা করছে বলে আমাদের ধারণা। এতে মানুষের সমস্যা হবে।তাই তৃণমূল স্থায়ী স্টপেজের জন্য স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল।
এদিকে স্টেশন মাস্টার মনোজ কুমার সিং বলেন, এখনও সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়া হয়নি। ছয়মাসের অস্থায়ী স্টপেজ রয়েছে। স্থায়ীভাবে স্টপেজের দাবিতে স্মারকলিপি দিয়েছে তৃণমূল। উল্লেখ্য ধূপগুড়ি রেলস্টেশনে গত ১ লা মে থেকে সরাইঘাট এক্সপ্রেসের অস্থায়ীভাবে স্টপেজ দেওয়া শুরু হয়।












Click it and Unblock the Notifications