মমতার পথশ্রী প্রকল্প নিয়ে 'হতশ্রী' দশা তৃণমূলে! রাস্তার কাজ নিয়ে কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্বে আহত চার
পথশ্রী প্রকল্পের শুরুতেই হতশ্রী দশা তৃণমূল কংগ্রেসে। রাস্তা তৈরি নিয়ে কোচবিহারের মেখলিগঞ্জে দলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠি নিয়ে সংঘর্ষ। যার মধ্যে পড়ে অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মেখলিগঞ্জ থানা।
রাস্তার কাজ নিয়ে মেখলিগঞ্জের ভোটবাড়ির গোয়েন্দাপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ৪ জন। এদিন সকালে মেখলিগঞ্জের গোয়েন্দাপাড়ায় একটি পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী ওই রাস্তা নির্মাণের ক্ষেত্রে এলাকার পঞ্চায়েত সদস্য রেনু বেগমের স্বামী তৃণমূল কর্মী মজিবর রহমানের জমি ছিল।

এই অবস্থায় রবিবার তাঁর অনুমতি ছাড়াই জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। মজিবর রহমান কাজে বাধা দেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান ভোটবাড়ি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতাফ হোসেন ও তার দলবল।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বচসা পরবর্তীতে হাতাহাতি ও রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শুরু হয় সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় ২ পক্ষের ৪ জন আহত হন। তাঁদেরকে বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংধর্ষের খবর পেয়ে এলাকায় যায় মেখলিগঞ্জ থানার পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকার পরিস্থিতি থমথমে। সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।
প্রসঙ্গত এবারের বাজেটে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরে সিঙ্গুরে সেই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে ২২ টি জেলায় ৮৭৬৭ টি রাস্তা তৈরি ও মেরামত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ৭২১৯ টি নতুন রাস্তা তৈরি এবং ১৫৪৮ টি রাস্তা সারাই করা হবে।

এই প্রকল্প নিয়ে যাবতীয় সবকিছু রাজ্যের সব মানুষের কাছে জানাতে চাইছে নবান্ন। সোশ্যাল মিডিয়া এই প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশও দিয়েছে নবান্ন। সেই রাস্তার কারণে কত মানুষ উপকৃত হবেন, তাও সমাজ মাধ্যমে তুলে ধরতে বলা হয়েছে। যদিও তারই মধ্যে সেই প্রকল্প নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আর সেখান থেকে সংঘর্ষ।












Click it and Unblock the Notifications