উত্তরবঙ্গে পদ্মশিবিরে ভাঙন ধরাতে গভীর ষড়যন্ত্র, তৃণমূলের চাল ফাঁস করলেন বিজেপি নেতা
উত্তরবঙ্গে পদ্মশিবিরে ভাঙন ধরাতে গভীর ষড়যন্ত্র, তৃণমূলের চাল ফাঁস করলেন বিজেপি নেতা
বুধবারই রায়গঞ্জে পা রাখছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিজেপি নেতা। দার্জিলিংয়ের বিজেপি জেলা সহ সভাপতি প্রকাশ্যে অভিযোগ করেছেন শাসক দলের নেতারা উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙন ধরানোর চক্রান্ত করছে। তৃণমূলে যোগ দেওয়ার জন্য ফোন করে চাপ দিচ্ছেন শাসক দলের নেতারা। গৌতম দেবকে নিশানা করে অভিযোগ করেছেন বিজেপির দার্জিলিং জেলার সহ সভাপতি। যদিও পুরোটাই বিজেপির মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা।

দলবদলের চাপ দিচ্ছে তৃণমূল
দল বদলের জন্য বিজেপি নেতাদের চাপ দিচ্ছে শাসকদল। বারবার ফোন করে চাপ দেওয়া হচ্ছে। স্পষ্ট অভিযোগ করেছেন দার্জিলিংয়ের তৃণমূল জেলা সহ সভাপতি জয়দীপ নন্দী। বিজেপি নেতা সায়ন্তন বসুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই গুরুতর অভিযোগ করেছেন। উত্তরবঙ্গে শাসক দলের এই কৌশলের মূলে রয়েছেন গৌতম দেব। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা।

দলে টানার চেষ্টা
বিজেপি নেতাদের বারবার ফোন করে দল বদলের কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। তাঁকেও বারবার ফোন করা হচ্ছে। আতঙ্কে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে বলে জানিয়েছেন দার্জিলিং বিজেপি জেলা সহ সভাপতি।২০১৮ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন তিনি।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
বিজেপি নেতার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। পর্যটন মন্ত্রী উল্টে দাবি করেছেন ভোটের আগে ষড়যন্ত্রের জাল বুনছে বিজেপি। সেকারণে মিথ্যে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেতাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার রাজ্য বিধানসভায় বিজেপির দুই বিজেপি নেতা তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করেন। তারপরেই দুই বিজেপি নেতার দল বদলের জল্পনা পারদ চড়তে শুরু করেছিল। যদিও তড়িঘড়ি তাঁদের সঙ্গে বৈঠক করেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়রা।

সায়ন্তনের হুঁশিয়ারি
শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়ে সায়ন্তন বসু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন এরকম চলতে থাকলে শিলিগুড়িতে মন্ত্রীর বাড়ির সামনে ধর্না দেবেন। আগামিকালই রায়গঞ্জে সভা করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার আগেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications