তৃণমূলকে ঝটকা নিশীথের, দিনহাটায় শাসকদলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত সদস্যদের
পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার তিনি দিনহাটায় বিজেপিতে যোগদান করালেন তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্যদের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত ধরে এদিন দিনহাটায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী।
কোচবিহারের দিনহাটা মহকুমায় তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠন হবার আগেই ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছে গোরুয়া শিবির। তারা ঘর গোছাতে শুরু করে দিয়েছে। তৃণমূলের শক্ত ঘাঁটি দিনহাটা ও সিতাই বিধানসভায় তৃণমূলের ভাঙন ধরিয়ে সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

দিনহাটার বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস দাস ও গীতালদহ এক গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান আবু আল আজাদ এদিন বিজেপিতে যোগদান করেন। শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাঁরা বিজেপির পতাকা হাতে তুলে নেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তাঁরা বিজেপিতে যোগদান করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়িপ বাড়ির অফিসে এদিন তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তাঁদেরকে বিজেপিতে যোগদানে রীতিমতো সাড়া পড়ে যায়। বিজেপি মনে করছে এই ভাঙনে তৃণমূল কংগ্রেসকে দিনহাটা ও সিতাই বিধানসভায় বড় ধাক্কা দেওয়া যাবে।

এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস দাস একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহর ঘনিষ্ঠ ছিলেন। তাঁকে দলে টেনে উদয়ন গুহকে ধাক্কা দেওয়া গেল বলে মনে করছে বিজেপি। এখন বিজেপি সংখ্যালঘু সদস্যদেরও যোগদান করাচ্ছে।
একদিন আগেই শুভেন্দু অধিকারীর হাত ধরে মুর্শিদাবাদের ভরতপুরের পঞ্চায়েত সদস্যরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। এদিন কোচবিহারের দেখা গেল সেই ছবি। এদিন আবার কোচবিহারের সাহেবগঞ্জে তৃণমূলে যোগদান করেন সিপিএমের জয়ী প্রার্থী।












Click it and Unblock the Notifications