অভিষেকের আমন্ত্রণেও ভাঙল না অভিমান, সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত আবদুল করিম চৌধুরী
উত্তরদিনাজপুরে আজ সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আবদুল করিম চৌধুরী সহ ২৫ জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু অভিষেকের আমন্ত্রণ পত্র পাওয়ার পরেও বৈঠকে হাজির হলেন না বিধায়ক আবদুল করিম চৌধুরী।
এর আগের দিন চোপড়ায় অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। বিধায়ক সেদিন বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে না নিয়ে গেলে তিনি যাবেন না। তারপরে সাংগঠনিক বৈঠকে অভিষেকের আমন্ত্রণ পত্র পেয়েও কেন বিধায়ক হাজিরা দিলেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উত্তরবঙ্গ থেকে জনজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এই জনসংযোগ কর্মসূচি করছেন অভিষেক। একাধিক জায়গায় সভা করেছেন। পঞ্চায়েত ভোটের জন গণভোট সংগ্রহ করছেন তিনি।
এই নিয়ে একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। গণভোট ব্যালট পেপার লুঠ থেকে শুরু করে ধস্তাধস্তির ঘটনা পর্যন্ত ঘটেছে। এই নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তাও দিয়েছেন তিনি। একাধিক জায়গায় সভা করে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চোপড়ার সভা থেকেই ২০২৬-র লোকসভা ভোটে ২৪০ আসনের টার্গেট বেধে দিয়েছেন তিনি। সেই সঙ্গে ১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে ধরনা দেওয়ার কথাও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই এলাকার বিধায়ক আবদুল করিম চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ।
বিধায়ক নিজেই প্রকাশ্যে সেই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডেকে না নিয়ে গেলে তিনি কোনও সভায় যাবেন না। মঙ্গলবার উত্তর দিনাজপুরে সাংগঠনিক সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। কিন্তু তিনি হাজির হননি বলেই জানা গিয়েছে।

আজ উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে। তারমধ্য অন্যতম রাজবংশী সম্প্রদায়ের পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন। রাজবংশী ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই অভিষেকের এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার পরেই রাজবংশী সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক দখল করার চেষ্টা চালাচ্ছে শাসক দল।
আবদুল করিম চৌধুরীর অভিষেকের সাংগঠনিক সভায় অনুপস্থিতি থাকার ঘটনায় নতুন বিদ্রোহের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল বিধায়কের প্রকাশ্যে বিদ্রোহ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি মন্তব্য করেছিলেন এরকম আরও অনেক বিদ্রোহী বিধায়ক তৃণমূলে রয়েছে। বুথে বুথে শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। দলের প্রবীণ নেতাদের সম্মান করা হচ্ছে না বলে বার্তা দিয়েছিলেন তিনি।
উত্তরবঙ্গের একাধিক জায়গায় অভিষেকের সফরের মধ্যেই দলের অন্দরে বিদ্রোহ দেখা দিয়েছিল। ইসলামপুরে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে দ্বন্দ্বের অভিযোগ জমা পড়েছে। জন সংযোগ যাত্রার শুরু থেকেই অভিষেক বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্য সদস্যদের মাঝে আর কোনও তৃতীয় ব্যক্তি থাকবে না। সেই দূরত্ব ঘোচাতেই তিনি এসেছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications