পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলে, কংগ্রেসে যোগ দিলেন একঝাঁক নেতা
শিয়রে পঞ্চায়েত ভোট। আগামীকাল থেকেই জেলা সফর শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। মালদহের রতুয়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন একাদিক নেতা-কর্মী।
পঞ্চায়েত ভোটের জটিলতা অনেকটাই কাটিয়ে উঠেছে রাজ্য সরকার। গতকাল হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর আর্জি। এবার কেবল রাজ্য নির্বাচন কমিশনের দিন ঘোষণার অপেক্ষা। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। শাসক দলের নেতা কর্মীরা প্রচারের ময়দানে নেমে পড়েছে। আগামীকাল থেকেই রাজ্য সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার আগেই মালদহে শাসক দলের শিবিরে ভাঙন। মালদহের রতুয়ায় দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা, রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ টিপু সুলতান, বাহারাল গ্রাম পঞ্চায়েতের চারজন নির্বাচিত জনপ্রতিনিধি ও কয়েকশো কর্মী। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচক বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম বলেছেন তৃণমূল কংগ্রেস বিট দিতে এলে তাদের পাল্টা বিট দেওয়া হবে।

কংগ্রেসে যোগদানের পর প্রদীপ সাহা অভিযোগ করেছেন, পঞ্চায়েতে দুর্নীতি এবং প্রার্থী করার নামে দলের কর্মীদের থেকে টাকা তোলা হচ্ছে। এরই প্রতিবাদে দল ত্যাগ করলাম। কংগ্রেসে যোগদানকারী আরেক তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ টিপু সুলতান বলেছেন, দলে পুরোনো লোকদের গুরুত্ব দিচ্ছেন না দলের চেয়ারম্যান এবং সভাপতি। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে।তাই দল ত্যাগ করে কংগ্রেসের যোগদান করলাম।

বরাবরই মালদহে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না শাসক দল। মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও তেমন সুবিধাজনক অবস্থানে ছিল না শাসক দল। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনকে সতর্কও করেছিল। মালদহ বরাবরই কংগ্রেসের জায়গা। গনিখান চৌধুরীর কারণেই কংগ্রেসের দাপট সেখানে রয়েছে।












Click it and Unblock the Notifications