তৃণমূল না চাইলে বিজেপি প্রার্থী দিতে পারবে না, পঞ্চায়েত ভোটের আগে ফের হুঁশিয়ারি উদয়ন গুহর
তৃণমূল না চাইলে বিজেপি প্রার্থী দিতে পারবে না, পঞ্চায়েত ভোটের আগে ফের হুঁশিয়ারি উদয়ন গুহর
ফের হুঙ্কার উদয়ন গুহ-র। এবার সরাসরি বিজেপিকে নিশানা করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ বলেছেন তৃণমূল কংগ্রেস না চাইলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছে বঙ্গের রাজনৈতিক মহল। একাধিক জায়গায় অস্ত্র উদ্ধার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। তার মধ্যেই উত্তেজনা বাড়ালেন কোচবিহারের টিএমসি বিধায়ক।

এবার একেবারে সরাসরি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিরোধীদের প্রার্থী দেওা যাতে আটকানো না হয় তার জন্য দলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ জায়গাতেই নেতাদের মুখে হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে। তারই মধ্যে পারদ চড়িয়েছেন উদয়ন গুহ। তিনি বলেছেন, 'দিনহাটা-২ ব্লকের বেশ কিছু পঞ্চায়েত আসনে বিজেপি প্রার্থী দিতে পারলে, তৃণমূল নেতাদেরই শাস্তি হবে'
তিনি আরও বলেছেন, 'আমি বিশ্বাস করি, এখানে ছয়টা পঞ্চায়েতে বিজেপির ক্ষমতা নেই প্রার্থী দেওয়ার, যদি না আমরা তাঁদের মদত দিই। বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আটিয়ালডাঙার দুটো আসনে আমাদের লোক ওদের ডেকে নিয়ে বলবে তোমরা দাঁড়াও, আমরা আছি। আমাদের লোক মদত না দিলে বিজেপি প্রার্থী দিতে পারবে না।' যদিও উদয়ন গুহর মুখে এই ধরনের মন্তব্য নতুন নয়। এর আগেও একাধিকবার এই ধরনের মন্তব্য করেছেন তিনি।
কয়েকদিন আগেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের গোঁফ দাঁড়ি উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছিলেন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেিছলেন ভেটাগুড়িতে যে নেতারা যাবেন তাঁদের গা়ড়ি গুঁড়িয়ে দেওয়া হবে। এই ভেটাগুড়িতেই নিশীথ প্রামাণিকের বাড়ি। পঞ্চায়েত নির্বাচনের আগে দল বদলের সম্ভাবনা রুখতেই এই হুঁশিয়ারি তণমূল কংগ্রেস বিধায়ক দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
উদয়ন গুহর উস্কানিতেই কোচবিহারে নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা হয়েছিল বলে অভিযোগ। যদিও উদয়ন গুহ সেই অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা দাবি করেছিলেন যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এতে তার কোনও দায় নেই। তিনি কোনওরকম উস্কানি দেননি। এদিকে আবার গতকাল আলিপুরদুয়ার আদালত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কয়েক বছপ আগে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই ঘটনাতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় নিশীথ প্রামানিকের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications