Canning: ‘পরেরবার ছবি করে দেব,’ হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে তৃণমূল নেতাকে খুনের হুমকি!
Canning: মালদহে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আর এরই মাঝে এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূল নেতাকে (tmc leader) খুনের হুমকি (Death Threat)। তাও আবার সামনে থেকে বা সরাসরি ফোন করে নয়। হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ।
সঙ্গে অজ্ঞাত পরিচয় নম্বরটি থেকে এসে অডিও বার্তা। তাতেও নাকি তৃণমূল নেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকচার মণ্ডলকে হুমকি দেওয়া হয়েছে।

তিনিই ক্যানিং থানায় এসে পুলিশের কাছে বৃহস্পতিবার গোটা ঘটনার কথা জানান। তৃণমূল নেতার দাবি, বুধবার রাতে আচমকাই তার হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ আসে। অজানা নম্বর থেকে ছবি ও পরপর ভয়েস রেকর্ডিং আসতে থাকে। ছবি খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় তৃণমূল নেতার।
ছবিতে দেখা যাচ্ছে একটি আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে পাঠানো ভয়েস নোটে বলা হয়েছে, "এখন ছবি পাঠালাম। আগামী দিনে আপনাকে ছবি করব।" অডিও রেকর্ড শুনে কার্যত শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যায় ওই তৃণমূল নেতার। আতঙ্কে সিঁটিয়ে আকচার মণ্ডল। দেরি না করে সঙ্গে সঙ্গে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তিনি জানান গোটা ঘটনা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা বলেন, "খুনের হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ককে জানালাম। বিধায়ক বলেছেন বাকিটা আমি বুঝে নেব। আইসিকে বলা আছে। তবে তদন্ত করে জানতে হবে এর নেপথ্যে কে বা করা রয়েছে।" প্রচণ্ড আতঙ্কে রয়েছেন বলে জানান ওই তৃণমূল নেতা। নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও জানান তিনি। পুলিশে অভিযোগও দায়ের করেছেন তিনি।
পুলিশকে দ্রুত ঘটনার তদন্ত করতে অনুরোধ জানিয়েছে বিধায়ক পরেশরাম দাসও। একেবারে সদ্যই মালদহে ইংরেজবাজার পুরসভার তৃণমূল নেতা খুন হয়েছেন। রীতিমতো ১০ দিন ধরে রেইকি করে তাঁকে প্রকাশ্যে গুলি করে খুন করে আততায়ীরা।
ঘটনায় এখনও পর্যন্ত ২ জন শার্প শুটার-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের জন্য ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকেও। এই ঘটনার মাঝেই ক্যানিংয়ে তৃণমূল নেতাকে খুনের হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications