তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক, পঞ্চায়েতের আগে ঘরওয়াপসি হেভিওয়েট নেতার
পঞ্চায়েত ভোটের আগে শক্তি বাড়ছে কংগ্রেসের। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহে তৃণমূল ছেড়ে দলে দলে কংগ্রেসে ফিরছেন নেতা-কর্মীরা। একই ঘটনা উত্তর দিনাজপুরেও। উত্তর দিনাজপুরেও হারানো শক্তি পুনরুদ্ধার করছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠিত হচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
শুক্রবার ইসলামপুর ব্লকের গাইসাল দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও ব্লক কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের হাত ধরেই কংগ্রেসে ঘরওয়াপসি হল নাইয়ার আলমের।

মোহিত সেনগুপ্ত নাইয়ারকে কংগ্রেসে স্বাগত জানিয়ে বলেন, নাইয়ার আলম কংগ্রেসে ছিলেন। একুশের বিধানসভা ভোটের সময় তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। কিন্তু তৃণমূলে গিয়ে তাঁর মোহভঙ্গ হয়েছে। ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছেন। আবার এই অঞ্চলের শক্তি বৃদ্ধি হবে বলে তিনি মনে করেন।
কংগ্রেস সভাপতি আরও বলেন, বেশ কিছু পরিবার এদিন কংগ্রেসে যোগদান করেছেন। আরও অনেকে তার সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরাও কংগ্রেস যোগদান করতে চান। জেলা কংগ্রেস সভাপতি আরও বলেন, কংগ্রেসের হাত আগামী দিনে আরও মজবুত হবে। দলে দলে মানুষ কংগ্রেসমুখী হবে। মানুষ বুঝতে পেরেছে কংগ্রেসই বিকল্প।

তিনি বলেন, আগামী ১৩ এপ্রিল ইটাহারে কংগ্রেসের জনসভা রয়েছে। সেই জনসভায় দলে দলে মানুষ কংগ্রেসের যোগদান করবেন। তিনি বলেন রমজান মাসের শেষে খুশির ইদ আসছে। ইট কাটলেই করণদিঘিতে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হবে। সেখানে দলে দলে নেতা-কর্মীরা যোগদান করবেন কংগ্রেসে।
এদিনই মালদহের রতুয়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতা-কর্মী। রাজ্যে পঞ্চায়েত ভোটের দামাম বাজতে চলেছে শীঘ্রই, প্রতি দলই ঘর গুছাতে শুরু করেছে। মালদহে শাসক দলের শিবিরে ভাঙন ধরিয়ে দিল কংগ্রেস। একঝাঁক নেতা এদিন কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন।

এদিন কংগ্রেসে যোগদান করেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা, রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ টিপু সুলতান, বাহারাল গ্রাম পঞ্চায়েতের চারজন নির্বাচিত জনপ্রতিনিধি ও কয়েকশো কর্মী। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচক বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়কের হাত ধরে তাঁরা যোগদান করেন।
কয়েকদিন আগে বীরভূমে তৃমমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন নুরুল হুদা। তারপর বোলপুর মহিদাপুর এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জানারুল মল্লিক, শেখ সাহাজুল-সহ হাজার খানেক কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সিউড়ি এক নম্বর ব্লকের ভূরকুনা পঞ্চায়েত এলাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও মুরারই ১ ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আকবর শেখও কংগ্রেসে যোগ দেন।












Click it and Unblock the Notifications